আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কয়েকটি প্রস্তুতি ম্যাচ হবার কথা এই ফতুল্লা স্টেডিয়ামে। সে জন্য ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামকে প্রস্তুত করে তুলতে চলছে হাজারো তোড়জোড়। কিন্তু এই তোড়জোড় স্টেডিয়ামের ব্যবস্থাপনা ও অবকাঠামোকে আদৌ মানসম্পন্ন করতে পেরেছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠে গেলো গতকালই।
ভেন্যুর সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠেছে, দুটি মাত্র গেট। এই দুটি গেট দিয়ে হাজার হাজার দর্শককে স্বল্প সময়ে স্টেডিয়ামে ঢোকানো কঠিন এক কাজ হয়ে দাঁড়ালো। আর সেই সুযোগে গতকাল রবিবার বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ম্যাচ চলার বেশ কিছু দর্শক সুযোগ বুঝে পাচিল টপকে ঢুকে পড়ছিলেন গ্যালারিতে। দু’নম্বর গেটের পাশের পাচিলের পাশে স্বল্পসংখ্যক কিছু নিরাপত্তারক্ষী থাকলেও তাদের পক্ষে দর্শকদের অবাধ যাওয়া আসা আটকানো সম্ভব হচ্ছিল না। এর মধ্যে কেউ কেউ টিকেটসহ ঢুকছে, আর কেউ অন্য কোন উপায়ে ম্যাচ দেখার সুযোগ পাচ্ছিল সেটাও বোঝার কোন উপায় ছিল না।
এর থেকেও খারাপ অবস্থা ছিল প্রেস বক্সে। জায়গা সঙ্কট, হঠাত্ হঠাত্ ইন্টারনেট কানেকশন চলে যাওয়া, নষ্ট এয়ারকুলার; সব মিলিয়ে আর যাই হোক আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ধারের কাছেও অবকাঠামো ছিল না মিডিয়া সেন্টারে। ভেন্যু ম্যানেজারকে অনেক খোঁজ করা হলেও তাকে খুঁজে পাওয়া গেল না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস কয়েক দফা ঘুরে গেলেও শেষ পর্যন্ত কোন সমস্যারই সমাধান পাওয়া যায়নি।
