হতাশ, বিধ্বস্ত নিউজিল্যান্ড

আপডেট : ০৩ নভেম্বর ২০১৩, ২১:৪৩
সংবাদ সম্মেলনে এসে শুরুতে মুখে একটা হাসি ধরে রাখার চেষ্টা করলেন নিয়মিত অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের অবর্তমানে দায়িত্ব পালন করা কাইল মিলস। কিন্তু কথা বলতে গিয়ে আর হতাশাটা লুকাতে পারলেন না। পরিষ্কার বলে দিলেন, আরেকটি হোয়াইট ওয়াশ নিউজিল্যান্ডের জন্য অনেক বড় ধাক্কা। টানা পাঁচবছর বাংলাদেশের মাটিতে না জেতার রেকর্ড করলো নিউজিল্যান্ড। তাই কাইল মিলসের হতাশার যথেষ্ট যৌক্তিক কারণও আছে। ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ হওয়ার পর সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘অবশ্যই আমরা অনেক বেশি হতাশ। সিরিজে আমরা জিততে চেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। অন্ততপক্ষে শেষ ম্যাচটা জিতে মানসিক শান্তি পাওয়ার চেষ্টা করেছিলাম। সেটাও হল না।’ দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পর বাংলাদেশের বিপক্ষে এমন হোয়াইটওয়াশ। সব থেকে বড় ব্যাপার হল এই নিয়ে বাংলাদেশের বিপক্ষে টানা আটটি ওয়ানডে ম্যাচের একটিতেও জিততে পারলো না বাংলাদেশ। ব্যর্থতার কারণ দর্শাতে গিয়ে একটু বিপাকেই পড়তে হল কাইল মিলসকে, ‘আসলে কি আর বলবো! দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ডের বিপক্ষে ভাল খেলেছি। এখানে খেলতে পারিনি। এখানে আমরা নিজেদের সুযোগ কাজে লাগাতে পারি নি। আর বাংলাদেশ অনেক ভাল ক্রিকেট খেলেছে। সব মিলিয়ে এই সিরিজ জয় তাদের প্রাপ্য ছিল।’ গত সিরিজে ড্যানিয়েল ভেট্টোরির দলই হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশের কাছে। তারপরও মিলস মনে করছেন, ভেট্টোরি থাকলে ফল হয়তো এবার অন্যরকম হত, ‘অবশ্যই আমরা ভেট্টোরির অভাব বোধ করেছি। ও দলে থাকলে আমাদের এই ধরনের কন্ডিশনে অনেক সুবিধা হত। তবে, এটাই আন্তর্জাতিক ক্রিকেট। এখানে মানিয়ে নিতে হবে। আপনি অনেক সময়ই স্রেফ ভাগ্যের জন্য পুরো শক্তির দল নিয়ে মাঠে নামতে পারবেন না।’ ওয়ানডে শেষ হল। এবার টি-টোয়েন্টির লড়াই। আগামী ছয় নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি। সফরকারীদের সামনে মান বাঁচানোর শেষ সুযোগ। নিউজিল্যান্ডও এখন মুখিয়ে আছে টি-টোয়েন্টি ম্যাচের জন্য। কাইল মিলস বলেন, ‘আমরা এখান থেকে সামনে এগোতে চাই। আমাদের লক্ষ্য এখন টি-টোয়েন্টি জয়।’