সান্তাহার স্টেশনে যাত্রাবিরতির দাবিতে ট্রেন অবরোধ

আপডেট : ২০ মে ২০১৯, ১৬:৫৪

নতুন চালু হতে যাওয়া পঞ্চগড়-ঢাকা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বগুড়ার আদমদীঘিতে ট্রেন অবরোধ করেছে এলাকাবাসী। অব্যাহত আন্দোলনের পঞ্চম দিন সোমবারে দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটিকে অবরোধ করা হয়।

আগামী ২৫ মে পঞ্চগড় হতে ঢাকাগামী নতুন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের ট্রেনটির উদ্ভোধন করবেন । পঞ্চগড় থেকে ট্রেনটি যাত্রা করে ঠাকুরগাঁও, দিনাজপুর ও পার্বর্তীপুর যাত্রাবিরতি দিয়ে ঢাকায় পৌঁছাবে।  সেই ট্রেন বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে কোন যাত্রাবিরতি নেই বলে স্থানীয়রা জানতে পারে। এরপর সান্তাহার স্টেশনে ট্রেন যাত্রাবিরতি বাস্তবায়ন কমিটির আহবানে কয়েক হাজার মানুষ ট্রেন অবরোধ কর্মসূচিতে অংশগ্রহন করে। 

দুপুর ১২টা ২০ মিনিটে ট্রেনটি স্টেশনের প্রবেশ করার পর আন্দোলনকারীরা প্রায় পৌনে এক ঘন্টা শান্তিপূর্ণভাবে ট্রেনটি অবরোধ করে রাখে। এ সময় আন্দোলনকারীরা ট্রেন যাত্রাবিরতির দাবিতে নানা শ্লোগান দিয়ে বলেন, তাদের দাবি মানতে হবে। পরে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে সান্তাহার স্টেশন ছেড়ে যায়।

আন্দোলনকারীদের মধ্য থেকে বক্তারা বলেন, ‘২১ মের মধ্যে দাবি মানা না হলে ২২ মে থেকে সান্তাহার স্টেশন থেকে সারা বাংলাদেশের রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে।’

উল্লেখ্য, বগুড়া, নওগাঁ ও জয়পুরহাট এই তিন জেলার মোহনায় সান্তাহার রেল জংশন স্টেশন অবস্থিত এখান থেকে প্রতিদিন ঢাকায় কয়েক শত যাত্রী যাতায়াত করে থাকেন।

আরও পড়ুন: সিরাজগঞ্জে জাতীয় জুট মিলস্ শ্রমিকদের আন্দোলন ও অবস্থান কর্মসূচি পালিত

গুরুত্বপূর্ণ জংশন স্টেশন হওয়া সত্বেও সান্তাহার জংশন স্টেশনে যাত্রাবিরতি না দেওয়ায় পঞ্চগড় ট্রেন যাত্রাবিরতি বাস্তবায়ন কমিটি পাঁচদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

ইত্তেফাক/নূহু