চলচ্চিত্রে আলোচিত ৫ নায়িকার দৌড় চলছে এখন!

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২০:২২
চলচ্চিত্রের জন্য অনেকেই আসছেন এখন। আগ্রহী হচ্ছেন। তবে কেউ কেউ একটি-দুটি চলচ্চিত্র করে শুধু ‘চিত্রনায়িকা’ খেতাবের জন্য আসেন। কেউ আসেন ছোটপর্দায় সব খ্যাতি অর্জনের পর ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করার জন্য। কিন্তু বেশ ক’জন তরুণী এসেছেন যারা শুধুমাত্র চলচ্চিত্রে নিবিষ্ট থেকেই কাজ করছেন। আমি মনে করি একনিষ্ঠভাবে একেবারে ফ্রেশলুক বা চলচ্চিত্রের মাধ্যমেই অভিনয় শুরু হয়েছে এদের ভেতরেই সম্ভাবনা বেশি ভবিষ্যত্ ফিল্ম সুপারস্টার হওয়ার। শহীদুল ইসলাম খোকন, চলচ্চিত্র পরিচালক চলচ্চিত্রে এখন নায়িকা সংকট এ কথার আর কোনো সত্যতা নেই। তবে এ সময়ের নায়িকাদের মধ্যে একেবারে চলচ্চিত্রের জন্য নিবিষ্ট হয়ে কাজ করছেন কেউ কেউ। এর ভেতরে এই রেসের ঘোড়ায় সব থেকে এগিয়ে চিত্রনায়িকা বর্ষা। কারণ স্বামী চিত্রনায়ক অনন্তের মুনসুন ফিল্মসের কল্যাণে তার বিগ বাজেটের চলচ্চিত্রের সুযোগ অন্য অনেককেই ঈর্ষায় ভোগায় এই মাপের ছবিতে কাজ করার ব্যাপারে। এরই ভেতরে চিত্রনায়িকা আইরিন তার এক ইন্টারভিউতে বলেই দিয়েছেন তিনি অনন্তের নায়িকা হতে চান। এই দৌড়ে আছেন আরও ক’জন। তবে মূল রেসে দ্বিতীয় সারিতে অবস্থান এখন ববির। আইটেম গার্ল হিসেবে পর্দা অভিষেক হলেও কমার্শিয়াল ছবি হিসেবে মালেক আফসারীসহ মূল ধারার চলচ্চিত্রে সুযোগ এসেছে বলেই তিনি অনেকটা এগিয়ে। এবারের ঈদে সর্বাধিক হলে মুক্তি পায় শাকিব-ববি জুটির ছবিটি। ববির কথায়, ‘আমি রেসের ঘোড়া হতে চাই না। তবে ভালো মানের পরিপূর্ণ কমার্শিয়াল নায়িকা হিসেবেই প্রতিষ্ঠা পেতে চাই।’ ববির পাশাপাশি অনেকটা তার কাঁধে নিঃশ্বাস ফেলে এগোচ্ছেন তরুণী নায়িকা মাহী। তবে ডিজিটাল তকমা লাগানো জ্যাজ চলচ্চিত্র নানান সময়ে নানামুখী বিতর্কে পড়ায় মাহীর ক্যারিয়ারও বাধাগ্রস্ত। মুদ্রার উল্টোদিকের আলোচনায় এও বলা যায় যে, মাহীর আজ অবধি এই অবস্থানটুকুও জ্যাজ মিডিয়ার কল্যাণেই। তাই এক ঘরে বন্দী, এবং বেশ কিছু ছবি নির্মাণাধীন বলেই চলচ্চিত্রে পরিপূর্ণ গ্রহণযোগ্যতা এখনও আসছে না যেন তার। এর পাশাপাশি এখনও সামনে পরীক্ষার খাতা এলেও ফলাফল ও মূল পরীক্ষা আসেনি আইরিনের। কারণ একটি ছবিও মুক্তির স্বাদ পাননি তিনি। তবে এরই ভেতরে তিনটি ছবিতে কাজ করে একাধিক টকশোতে ‘চিত্রনায়িকা’ হিসেবে নিজের স্ক্রিন টেলপ আটকিয়ে নিয়েছেন বেশ ভালোভাবেই। খুব শিগগিরই আসছে তার প্রথম চলচ্চিত্র দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘ভালোবাসা জিন্দাবাদ’। স্ক্রিনে তার বিপরীতে রয়েছেন আরেফিন শুভ। একই সাথে কলকাতার চলচ্চিত্রে অভিনয়ের ঘোষণাসহ দেশীয় চলচ্চিত্রে আসছেন-আসবেন এমন খবরের শিরোনামেরই ভেতরে রয়েছেন চিত্রনায়িকা রুহি। কলকাতায় মহুয়া চক্রবর্তীর পরিচালনায় পরমব্রতর সাথে তার চলচ্চিত্র অচিরেই শুরু হতে যাচ্ছে। আর এরই ভেতরে একটি কর্মাশিয়াল ছবির কাজও শেষ করেছেন দেশে। মুক্তির অপেক্ষায় সেটি। সর্বশেষ চলচ্চিত্র হিসেবে মাহফুজ আহমেদ প্রযোজিত ‘জিরো ডিগ্রি’ ছবিতে চিত্রনায়িকা মৌসুমীর স্থলাভিষিক্ত হয়ে আলোচনায় এসেছেন। এটিও তার ক্যারিয়ারের বড় একটি প্রাপ্তিযোগ। তবে মূল আলোচনায় এই ৫ জনেই নয়, মূলত পূর্ণাঙ্গভাবে চলচ্চিত্রের জন্য কাজ করার প্রত্যয়ে রয়েছেন অনেকেই। কিন্তু এর বাইরে ছোট পর্দার ইষত্ প্রতিষ্ঠিত বা পুরো প্রতিষ্ঠিত তারকারাও চলচ্চিত্রে এখন সমান তালে কাজের ব্যাপারে আগ্রহী হচ্ছেন। কিন্তু সাম্প্রতিক কালের চর্চায় এই ৫ জন তারকার ভেতরেই ভবিষ্যতের বাংলা ছবির সুপারস্টার হয়তো বেরিয়ে আসবে বলে মতামত অধিকাংশ চলচ্চিত্র সংশ্লিষ্টদের। এ প্রসঙ্গে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শহীদুল ইসলাম খোকন বলেন, ‘চলচ্চিত্রের জন্য অনেকেই আসছেন এখন। আগ্রহী হচ্ছেন। তবে কেউ কেউ একটি-দুটি চলচ্চিত্র করে শুধু ‘চিত্রনায়িকা’ খেতাবের জন্য আসেন। কেউ আসেন ছোটপর্দায় সব খ্যাতি অর্জনের পর ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করার জন্য। কিন্তু বেশ ক’জন তরুণী এসেছেন যারা শুধুমাত্র চলচ্চিত্রে নিবিষ্ট থেকেই কাজ করছেন। আমি মনে করি একনিষ্ঠভাবে একেবারে ফ্রেশলুক বা চলচ্চিত্রের মাধ্যমেই অভিনয় শুরু হয়েছে এদের ভেতরেই সম্ভাবনা বেশি ভবিষ্যত্ ফিল্ম সুপারস্টার হওয়ার।’ (বি.দ্র. ধারাবাহিক এই প্রতিবেদনে আগামীকাল থাকবে চলচ্চিত্রের আলোচিত নায়কদের কথা, পরবর্তীতে আলোচিত পরিচালক, খলনায়ক নিয়ে প্রতিবেদন প্রকাশ হবে। এ নিয়ে পাঠকদের প্রতিক্রিয়া প্রত্যাশা করছি। যৌক্তিক প্রতিবেদন আমরা বিনোদন প্রতিদিনে প্রকাশ করব।)