অতঃপর দেবাশীষ বিশ্বাসের অনুরোধে নিজের প্রথম চলচ্চিত্রের রিলিজ তারিখ পেছালেন কণ্ঠশিল্পী, চিত্রপরিচালক ফেরদৌস ওয়াহিদ। বিনোদন প্রতিদিনকে তিনি বলেন, ‘দেবাশীষ বিশ্বাস আমার স্নেহের একজন। ও খুব করে অনুরোধ করল বলেই আমার ছবিটা পিছিয়ে নিলাম।’
উল্লেখ্য, বেশ কয়েক মাস আগেই ফেরদৌস ওয়াহিদের প্রথম চলচ্চিত্র ‘কুসুমপুরের গল্প’ নামের চলচ্চিত্রটি সেন্সর সার্টিফিকেট পেয়ে এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। মৌমিতা, জেসমিন ও পলাশ নামের তিন নবাগতকে নিয়ে এই ছবিটির গান বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন। বিভিন্ন চ্যানেলে এর প্রচার চলছে। একই সাথে এ মাসের ৮ নভেম্বর ছবিটি রিলিজের সম্ভবনা ছিল। কিন্তু দেবাশীষ বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবিটি রিলিজের কারণে ছবিটি মুক্তি দিচ্ছেন না তিনি।’
নিজের প্রথম চলচ্চিত্র প্রসঙ্গে নির্মাতা-অভিনেতা ফেরদৌস ওয়াহিদ অকপট স্বীকারোক্তি হিসেবে বলেন, ‘আমি এই ছবিটির ভুল ভ্রান্তি পেরিয়ে পরবর্তী ছবির কাজে হাত দিতে চাই। এই ছবিটি আমার অনেক আবেগের চলচ্চিত্র। নতুন মুখ, ছোটপর্দার তারকা, চলচ্চিত্র তারকা সকলেই রয়েছেন এই চলচ্চিত্রে। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ ফেব্রুয়ারি ছবিটি রিলিজের পরিকল্পনা রয়েছে।’
