‘ও প্রিয়, আমি তোমার হতে চাই’। বাংলাদেশের চলচ্চিত্রের প্লে-ব্যাক মিউজিকে অনেকেই এসেছেন। আবার খুব দ্রুতই নিজের ক্যারিয়ার গুটিয়ে কন্টাক্ট গানে অংশ নিয়েছেন। কিন্তু চলচ্চিত্রের প্লে-ব্যাকে একের পর এক সুপার হিট গান দিয়ে এসেছে শওকত আলী ইমন। সর্বশেষ ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ চলচ্চিত্রে ‘ও প্রিয়’ গানটির মাধ্যমে তাসিফ নামের এক নবাগতকে উপহার দিয়েছেন। এমনকি গানটির সহশিল্পী দিনাত জাহান মুন্নীরও ক্যারিয়ারের অন্যতম টার্নিং গান এটি। উল্লেখ্য, এর আগে চলচ্চিত্রের গানে আইয়ুব বাচ্চুর কণ্ঠে প্রথম প্লে-ব্যাকে সুপারহিট গান দিয়েছিলেন তিনি। এরপর গানের ক্যারিয়ারে আজকের আসিফকে তিনিই এনেছেন। এবারে বাংলাদেশের সনু নিগম খ্যাত তাসিফকে প্রতিষ্ঠা দিলেন। এ ছাড়া সম্প্রতি সোহেল অটলের লেখা পারভেজের গাওয়া ‘খোদা জানে’ গানটিও ইমনের কম্পোজিশনে তৈরি। দীর্ঘ ক্যারিয়ার সাফল্যে ব্যক্তিজীবন ও নানান অনুষঙ্গে বিক্ষিপ্ত থাকলেও নিজের স্টুডিওতেই শান্তি খোঁজেন তিনি। ইমনের কথায়, ‘কাজ করে যাই। আমার কাছে প্রতিটি কাজই গুরুত্বপূর্ণ। প্লে-ব্যাকে পুলকের ভেতরে দারুণ সম্ভাবনা। যা আমারই সৃষ্টি। এভাবেই বেঁচে থাকতে চাই। ক্যারিয়ারের মতো জীবনেও চড়াই-উত্রাই থাকে। সেগুলো ভুলে থাকি আমার স্টুডিওর সুরের জালে। সামনে শুধু চলচ্চিত্রের কাজগুলোই হাতে নিচ্ছি। আরও কিছু চমত্কার গান উপহার দিতে পারব আশা করছি।’
উল্লেখ্য, নিজের কাজের বাইরে সাইমন নামে কণ্ঠশিল্পী হিসেবেও বেশ শ্রোতাপ্রিয়তা রয়েছে তার। বর্তমান চলচ্চিত্রের প্লে-ব্যাক প্রসঙ্গে ইমন বলেন, ‘আমরা এখন বিশ্বমানের মিউজিক করছি। এতে কোনো সন্দেহ নেই। এখন দরকার এগুলোকে খুব ভালোভাবে প্রমোট করা।’
