স্নোডেনের কোন ক্ষমা নেই :হোয়াইট হাউস

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২০:২৭
পলাতক সাবেক মার্কিন গোয়েন্দা বিশ্লেষক এডওয়ার্ড স্নোডেনের কোন ক্ষমা নেই। যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন আইনপ্রণেতা ও হোয়াইট হাউস রবিবার এ কথা বলেছে। হোয়াইট হাউসের উপদেষ্টা ডেন ফিফার বলেছেন, স্নোডেন আইন অমান্য করেছেন। তাকে অবশ্যই পলাতক অবস্থা থেকে নিজ দেশে ফিরে আসতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে। স্নোডেন তার বিরুদ্ধে গোয়েন্দাগিরির অভিযোগ প্রত্যাহারে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানালে তারই প্রেক্ষিতে কংগ্রেস ও হোয়াইট হাউস এ কথা জানায়। টেলিফোন ও ইন্টারনেটে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারির তথ্য ফাঁস করে দেয়ার পর গত জুন মাসে যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে রাশিয়া চলে যান স্নোডেন। বর্তমানে তিনি সেখানে সাময়িক আশ্রয়ে আছেন। আগামী বছরের জুলাই মাস পর্যন্ত তিনি মস্কোয় থাকতে পারবেন। গত সপ্তাহে জার্মান এক এমপি তার সঙ্গে সাক্ষাত্ করতে এলে সেসময় তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) ফোনে আড়িপাতার বিষয়ে আরো তথ্য প্রকাশে রাজি হন। তখন স্নোডেন তার অবস্থা ব্যক্ত করে একটি চিঠি এমপি হ্যান ক্রিশ্চিয়ানের হাতে তুলে দেন। এ চিঠি পরবর্তীতে জার্মানিতে সাংবাদিকদের দেখানো হয়। চিঠিতে স্নোডেন বলেন, সত্য প্রকাশ করা কখনোই কোন অপরাধ হতে পারে না। যুক্তরাষ্ট্র সরকার তার বিরুদ্ধে অযথা গুপ্তচরবৃত্তির অভি-যোগ আনছেন। এরপরই রবিবার হোয়াইট হাউস জানায়, তাকে ক্ষমা করে দেয়ার বিষয়টি প্রত্যাখ্যান করা হয়েছে। রিপাবলি-কান কংগ্রেসম্যান মাইক রগার্স এবং ডেমোক্র্যাটিক সিনেটর ডায়ানে ফেনিস্তিনও একই কথা বলেন। ডায়ানে বলেন, স্নোডেন যদি সত্য কোন কথাই বলে থাকেন, তাহলে তিনি তা ব্যক্তিগতভাবে কংগ্রেসের কাছে জানাতে পারতেন। কিন্তু তিনি তা না করে ভিন্ন পথ অবলম্বন করে আইনের লঙ্ঘন করেছেন। সিনেটর ফেইসতেন সিবিএস টেলিভিশনে এক সাক্ষাত্কারে বলেন, স্নোডেন এভাবে তথ্য ফাঁস করে দেশের মারাত্মক ক্ষতিসাধন করেছেন। তাই তার কোন ক্ষমার প্রশ্নই উঠে না।