পাকিস্তানে মার্কিন রাষ্ট্রদূত তলব

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২০:২৭
মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) প্রধান হাকিমুল্লাহ মেহসুদ নিহতের ঘটনার প্রতিবাদ জানাতে ইসলামাবাদে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছে পাকিস্তান। তাছাড়া ওই ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনঃপর্যালোচনা করার হুমকিও পাকিস্তান দিয়েছে। পাকিস্তান দেশটির আদিবাসী এলাকায় শুক্রবারের প্রাণঘাতী ড্রোন হামলাকে দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আঞ্চলিক শান্তির জন্য অনিষ্টকর বলে অভিহিত করেছে। হুঁশিয়ার করে পাকিস্তান বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরাজমান দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্বিবেচনা করবে ইসলামাবাদ। মেহসুদ গত শুক্রবার পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত হন। এ ঘটনার কারণে তালেবানের সঙ্গে পাক-সরকারের শান্তি আলোচনা বানচাল হওয়ার উপক্রম হয়েছে বলেই মনে করছে ইসলামাবাদ। রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেছেন, এ ড্রোন হামলাকে সরকার কোনো ব্যক্তিকে হত্যা করা নয় বরং শান্তি প্রক্রিয়ার মৃত্যু বলেই মনে করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সম্পর্ক পর্যালোচনার জন্য পাকিস্তানে জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী পরিষদ কমিটির (সিসিএনএস) জরুরি বৈঠক ডাকা হয়েছে। যুক্তরাষ্ট্র-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টি নিয়ে রোববারই উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে।