আগাম আলু চাষে ব্যস্ত তারাগঞ্জের কৃষক

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২০:৪৫
রংপুর অঞ্চলের বেশিরভাগ এলাকায় কার্তিক মাসের মাঝামাঝি সময়ে কৃষকের হাতে তেমন কোন কাজ থাকে না। তাই কৃষকের ঘরে থাকে অভাব। অবশ্য রংপুরের তারাগঞ্জ উপজেলার চিত্র ভিন্ন। এখানে কার্তিক মাসে আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করেন কৃষকরা। তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর রামপুরাসহ বিভিন্ন এলাকা ঘুরে কর্মব্যস্ত কৃষকদের দেখা গেল কোথাও চলছে আগাম ধান কাটা, কোথাও মাড়াই আবার কোথাও বা চলছে ধান শুকানো কাজ। আবার যে জমির আগাম ধান তোলা হয়েছে সেখানে দেখা যায় লাগানো হচ্ছে আলু। উপজেলার ঘনিরামপুর গ্রামের আলু চাষি গোলাম মোস্তফা জানান, প্রায় ১৫ বছর ধরে আগাম জাতের আলু চাষ করি। গত বছর ৫ বিঘা জমিতে আলু চাষ করে ছিলাম। এ বছর ৫ বিঘা জমিতে আলু চাষ করছি। তারাগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর তারাগঞ্জ উপজেলায় ৩ হাজার ১শ’ ৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে আলু চাষিরা জানান, মৌসুমের শুরুতে যে হারে আলু রোপণ করা হচ্ছে, তাতে করে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।