বকশীগঞ্জে তিন বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণ

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২০:৪৫
৩বছরেও বকশীগঞ্জ-ধর্মকুড়া সড়ক নির্মাণ কাজ শেষ হয়নি। ফলে বকশীগঞ্জ ও ইসলামপুর উপজেলার লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। বকশীগঞ্জ উপজেলার সাথে প্রতিবেশী ইসলামপুর উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ১৭০০ মিটার রাস্তা পাকাকরণের জন্য ২০১১ সালে দরপত্র আহবান করা হয়। ৭৯ লক্ষাধিক টাকা চুক্তিমূল্যে নির্মাণ কাজ পান জামালপুরের মেসার্স আমজাদ হোসেন নামে এক ঠিকাদারী প্রতিষ্ঠান। একই সালের ১০ ফেব্রুয়ারি রাস্তার কাজ শুরু হয়। এই কাজের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান সরকারি কোষাগার থেকে ৫৮ লাখ টাকা উত্তোলন করেন। ছয় মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও মাত্র ৩০ ভাগ কাজ করে পালিয়ে যায় ঐ ঠিকাদারী প্রতিষ্ঠান। এর পর দীর্ঘ ৩ বছর যাবত্ সড়কটির নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী হেদায়েত উল্লাহ জানান, কাজ না করে চলে যাওয়ার কারণে ঠিকাদারী প্রতিষ্ঠানকে প্রায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়।