মতলবে ১৭২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এক কর্মকর্তা

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২০:৪৫
চাঁদপুরের চরাঞ্চল সমৃদ্ধ ও যোগাযোগ প্রতিকূল মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার ৫টি ক্লাস্টারের ১৭২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিদর্শনের জন্য আছেন মাত্র ১ জন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। ফলে জনবল সংকটের কারণে একদিকে যেমন অফিসের কার্যক্রম ব্যাহত হচ্ছে অন্যদিকে, মাঠ পর্যায়ের কার্যক্রম স্থবির হয়ে আছে। ১ জন উপজেলা শিক্ষা কর্মকর্তা, ৫ জন সহকারী শিক্ষা কর্মকর্তা, ৩ জন অফিস সহকারী, ১ জন হিসাবরক্ষক ও ১ জন এমএলএসএস (পিয়ন) পদের বিপরীতে মাত্র ১ জন শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব), ১ জন সহকারী শিক্ষা কর্মকর্তা ও ২ জন অফিস সহকারী কর্মরত রয়েছে। এ ব্যাপারে মতলব উত্তর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক আহবায়ক আহমেদ আল-কামাল বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষার কার্যক্রম তদারকিতে ৫ জন সহকারী শিক্ষা অফিসারের স্থলে বর্তমানে কর্মরত আছেন মাত্র ১ জন। জনবল সংকটের কথা স্বীকার করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আল-আমীন বলেন, প্রতিটি ক্লাস্টারে একজন সহকারী শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালনের কথা থাকলেও কর্মকর্তার অভাবে খুব কষ্ট করতে হচ্ছে।