বিশৃঙ্খলা বন্ধে সরকার হার্ড লাইনে যাবে

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২১:৩৭
বিরোধী দলের ডাকা হরতালে রাজপথে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট নেতাকর্মীদের তেমন দেখা না গেলেও সোমবার রাজধানী জুড়ে হরতাল বিরোধী মিছিল-সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতাকর্মীরা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে হরতাল বিরোধী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, বিরোধী দল আন্দোলনের নামে বিশৃঙ্খলা ও অরাজকতা করলে সরকার হার্ডলাইনে যেতে বাধ্য হবে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার স্বার্থে যা যা করার সবই করবে সরকার। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। সকাল থেকেই রাজধানীর পাড়া-মহল্লাসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাড়াও ১৪ দলীয় জোটের নেতাকর্মীরা হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ করে।