ফরিদগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, শাশুড়ি আটক

আপডেট : ২০ মে ২০১৯, ১৭:৩৭

উপজেলার ঘনিয়ায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ গৃহবধূর শাশুড়িকে গ্রেপ্তার করেছে। রবিবার বিকেলে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ঘনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ প্রবাসী মোঃ মাহফুজের স্ত্রী সালমা বেগম (২২)।

সালমার পরিবার জানায়, সালমার হাতের রগ কেটে হত্যা করে ঘরের ভেতর আড়ার সঙ্গে ঝুলিয়ে দিয়েছে শ্বশুর বাড়ির লোকজন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রকিব জানান, রবিবার বিকালে গৃহবধূর লাশ স্বামীর বসতঘর থেকে উদ্ধার করা হয়েছে। গৃহবধূর বাম হাতের রগ কাটা ছিল। পা মাটির সঙ্গে লেগে ছিল।

সালমার বাবা মহসিন মিয়া জানান, তার মেয়ে শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়েছে। তারাই মেরে ঝুলিয়ে রেখেছে তাকে।

এ ঘটনায় রবিবার রাতে মহসিন মিয়া বাদী হয়ে সালমার স্বামী মো. মাহফুজ, শাশুড়ি আলিমুন্নেছাসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

আরও পড়ুন: বাঞ্ছারামপুরে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে ১জনের মৃত্যু

ওসি জানান, সোমবার সালমার লাশ মর্গে পাঠানো হয়। গ্রেপ্তার শাশুড়িকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/নূহু