সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের ব্যবহার বৃদ্ধির কারণে মোবাইলে ইন্টারনেট ব্যবহারের প্রবণতা বাড়ছে। মোবাইলে প্রতি চারজন অপেরা মিনি ব্যবহারকারীর তিনজনই ফেসবুকে প্রবেশ করেন। গুগল ডটকমের আগেই এর অবস্থান। এর পরেই রয়েছে ইএসপিএন ক্রিকইনফো ডটকম। সম্প্রতি অপেরা সফটওয়্যার বাংলাদেশের মোবাইল ওয়েব রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ২০১২ সালে এ দেশে অপেরা মিনির ব্যবহার ১২৯ শতাংশ বেড়েছে। বাংলাদেশের মোবাইল ব্যবহারকারীরা এখন থ্রিজি সেবা গ্রহণের দ্বারপ্রান্তে রয়েছেন। ইতোমধ্যে তারা মোবাইল সেটের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের প্রাথমিক অভিজ্ঞতা লাভ করেছেন। তাই থ্রিজি সেবা তাদের জন্য একটি বড় সুযোগ হিসেবে এসেছে। প্রকাশিত রিপোর্টে অনুযায়ী, বাংলাদেশে অপেরা মিনি ব্যবহারকারীদের মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীদের বেশিরভাগেরই হ্যান্ডসেট ব্র্র্যান্ড নকিয়া। এতে দেখা গেছে, নকিয়ার হ্যান্ডসেট ব্যবহার করেন ৭৭ শতাংশ অপেরা মিনি ব্যবহারকারী। সামস্যাং ও সিমফনি ব্যবহার করেন যথাক্রমে ৬ ও ৪ শতাংশ মোবাইল ফোন ব্যবহারকারী। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর স্মার্টফোনে অপেরা মিনির ব্যবহারকারী ২২০ শতাংশ বেড়েছে। মোবাইল অপারেটিং সিস্টেমের মধ্যে জাভার পরেই অ্যান্ড্রয়েডের স্থান। রিপোর্টে দেখা গেছে, স্মার্টফোনে অপেরা মিনি ব্যবহারকারীরা বেসিক ফোন ব্যবহারকারীদের চেয়ে বেশি ব্রাউজ এবং বেশি ডাটা গ্রহণ করে থাকেন। হিসাব অনুযায়ী, স্মার্টফোন ব্যবহারকারীরা বেসিক ফোন ব্যবহারকারীদের চেয়ে ১৩৬ শতাংশ বেশি ওয়েবপেজ ব্রাউজ করে থাকেন। অপেরা বাংলাদেশের রিপোর্ট অনুসারে বাংলাদেশে শীর্ষস্থানীয় ১০টি ওয়েবসাইট হচ্ছে face book . com, google.com, blogspot.com, you tube . com, waptrick.com, wikipedia.org, bdnews24.com, wordpress.com, fusionbd.com এবং mobile9.com। অপেরা সফটওয়্যারের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট সুনীল কামাথ বলেন, ’বাংলাদেশের মোবাইল অপারেটরদের থ্রিজি অবকাঠামোর প্রস্তুতি, স্মার্টফোনের সহজলভ্যতা এবং ব্যবহারকারীদের ওয়েবসাইটের প্রতি আগ্রহ ও কৌতুহল মোবাইল ইন্টারনেট বিপ্লবকে ত্বরান্বিত ও শক্তিশালী করবে।’ তিনি আরও বলেন, ’এই প্ল্যাটফর্মে নেটওয়ার্ক গতির ওঠা-নামার মধ্যেও অপেরা মিনি মোবাইল ফোনে সবচেয়ে ভালো ইন্টারনেট ব্রাউজিং অভিজ্ঞতার জন্য কাজ করছে। আমাদের পর্যবেক্ষণে এই দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহার ক্রমাগত বাড়ছে। আমরা বিশ্বাস করি, থ্রিজি সেবা চালু হলে এর পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে।’ মোবাইল অপারেটর গ্রামীণফোন এবং এয়ারটেল যাতে তাদের গ্রাহকদের কাছে অপেরার কো-ব্র্যান্ডেড সংস্করণ প্রোমোট করে সেজন্য অপেরা মিনি তাদের সাথে অংশীদারিত্ব স্থাপন করেছে। সিম্ফনির পরবর্তী সকল অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অপেরা ইনস্টল থাকার বিষয়ে অপেরা সম্প্রতি সিমফনির সাথে চুক্তিবদ্ধ হয়েছে।
