টিভি এবং ভিডিও স্ট্রিমিংয়ের জনপ্রিয় সার্ভিস নেটফ্লিক্সে যুক্ত হতে যাচ্ছে ৪কে বা আল্ট্রাএইচডি ভিডিও। ১০৮০ পিক্সেল রেজ্যুলেশনেরও চারগুণ বেশি রেজ্যুলেশনযুক্ত এসব ভিডিও এখন সময়ের অন্যতম আকর্ষণীয় উদ্ভাবন হিসেবেই স্বীকৃত হচ্ছে। স্যামসাং, এলজিসহ বেশকিছু টিভি নির্মাতা তাদের টেলিভিশনে ৪কে মানের ভিডিও সমর্থনের কথা জানিয়েছে। ভিডিও স্ট্রিমিং সার্ভিসের ক্ষেত্রে এই প্রথমবার সুবিধাটি যুক্ত করছে নেটফ্লিক্স। নেটফ্লিক্স ৪কে মানের ভিডিও’র পরীক্ষামূলক সম্প্রচার করে যাচ্ছে। আগামী বছরের শুরুতেই এই সেবা যুক্তরাজ্যের গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে তারা। তবে সেখানকার ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি ৪কে ভিডিও স্ট্রিমিংয়ের জন্য পর্যাপ্ত কি না, সেটি নিয়েই উঠেছে প্রশ্ন। অবশ্য এসব নিয়ে ভাবছে না নেটফ্লিক্স।
