হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নতুন দুই বিভাগের পথচলা

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ১৯:১৩
উত্তরবঙ্গের শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেয়ার জন্য এ বিশ্ববিদ্যালয়ের নতুন নতুন বিষয় সংযোজন জরুরি। এরই ধারাবাহিকতায় যুক্ত হলো আর্কিটেকচার ও ইংরেজি বিভাগ। ভবিষ্যতে আরো কয়েকটি বিষয়ে নতুন ডিগ্রী দেয়া হবে বিজ্ঞানভিত্তিক উচ্চশিক্ষা ও গবেষণা প্রসারের লক্ষ্যে ১৯৯৯ সালে দিনাজপুরের সবুজ, মনোরম, জীববৈচিত্র্যপূর্ণ এবং সবুজ গাছপালায় ঘেরা নয়নাভিরাম এক সুনিবিড় পরিবেশে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শুরু করেছিল তার আপন যাত্রা। দেশের উত্তরাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর দেখতে দেখতে হাঁটি হাঁটি পা পা করে গৌরবের ১৪ বছর অতিক্রম করে বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে ৪৩টি বিভাগ ও ৭টি অনুষদে প্রায় চার হাজারের বেশি শিক্ষার্থী ও ২৫০ জন এর অধিক শিক্ষক আছেন। ১৯৯৯ সালের ১১ সেপ্টেম্বর তত্কালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরবঙ্গে প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৪ অক্টোবর ২০১৩ থেকে শুরু হয়ে চলবে ২৬ অক্টোবর, ২০১৩ পর্যন্ত। আকর্ষণীয় বিষয় হল এবার ২০১৪ শিক্ষাবর্ষে ইংরেজি ও আর্কিটেকচার নামে নতুন ২টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করানো হবে। এ প্রসঙ্গে হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক মো. রুহুল আমিন বলেন, উত্তরবঙ্গের শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেয়ার জন্য এ বিশ্ববিদ্যালয়ের নতুন নতুন বিষয় সংযোজন জরুরি। এরই ধারাবাহিকতায় যুক্ত হলো আর্কিটেকচার ও ইংরেজি বিভাগ। ভবিষ্যতে আরো কয়েকটি বিষয়ে নতুন ডিগ্রী দেয়া হবে।