আজ ঢাকা চেম্বারের উদ্যোক্তা তৈরি প্রকল্প উদ্বোধন হচ্ছে

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ২০:০০
আজ বুধবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ২ হাজার উদ্যোক্তা তৈরি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে। রাজধানীর সোনারগাঁও হোটেলে এ প্রকল্পের উদ্বোধন করবেন রাষ্ট্রপ্রতি মো. আব্দুল হামিদ। এ কার্যক্রমের লক্ষ্য হলো ২ হাজার নতুন উদ্যোক্তা তৈরি, তাদের উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। সেই সঙ্গে দেশের শিল্পোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা, উদ্যোক্তাদের জন্য এমন একটি প্লাটফর্ম তৈরি করা এবং ব্যবসা সম্পর্কিত প্রতিকূলতা মোকাবিলা করার ব্যবস্থা গ্রহণ করা। এ কার্যক্রমের প্রকল্পগুলো হলো শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও যোগাযোগ, সোলার অ্যানার্জি, নবায়নযোগ্য জ্বালানি, বিকল্প জ্বালানি, বায়োগ্যাস, ফ্যাশন ডিজাইনিং, ব্রান্ডিং ও মিডিয়া, কসমেটিক্স, হারবাল ফ্যাশন, স্থাপত্য ও কারু শিল্প, পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা, আইটি, আইটিইএস, আউট সোর্সিং ও ই-কমার্স, ইলেকট্রনিকস ও লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষি এবং কৃষিজাত পণ্য ও সেবা। নতুন উদ্যোক্তাদের সহযোগিতা প্রদানের লক্ষ্যে ডিসিসিআই ইতোমধ্যে বেসিস, রোটারি ইন্টারন্যাশনাল, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল, বিসিক, বিসিএসআইআর, সিটিও ফোরাম, বিআইআইডি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বিডি ভেঞ্চারের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি), ক্ষুদ্র ও কুটির ইন্ডাস্ট্রিজ ট্রেনিং ইন্সটিটিউট (স্কীটি) ঢাকা চেম্বারের নতুন উদ্যোক্তাদের আগামী ২ বছর প্রশিক্ষণ প্রদানের বিষয়ে কার্যক্রম এগিয়ে চলছে।