শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিতব্য কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ না দিতে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ওপর নিজ দল কংগ্রেস পার্টির নেতাদের চাপ জোরালো হচ্ছে। অন্যদিকে নিজ দপ্তরের কর্মকর্তারা মনমোহনকে সম্মেলনে যোগ দেয়ার পরামর্শ দিয়েছেন। এ নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন দ্বিমুখী চাপে রয়েছেন বলে সোমবার জানিয়েছে এনডিটিভি। তামিল বিদ্রোহ দমনকালে শ্রীলঙ্কা সরকার যুদ্ধাপরাধ করেছে, এমন অভিযোগ ওঠায় সম্মেলন বর্জনে মনমোহনের ওপর চাপ সৃষ্টি করছেন দক্ষিণ ভারতীয় কংগ্রেস দলীয় নেতারা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম ও জাহাজমন্ত্রী জি কে ভাসানের পর এবার মনমোহনের আসন্ন কলম্বো সফরের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্তি নটরাজন। কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে ১৫ নভেম্বর মনমোহনের কলম্বো যাওয়ার কথা রয়েছে। কিন্তু তামিলনাড়ু থেকে নির্বাচিত লোকসভার সদস্য পরিবেশমন্ত্রী নটরাজন বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠকের জন্য আমি অনুরোধ করেছি। ওই বৈঠকে তার আসন্ন শ্রীলঙ্কা সফরের বিষয়ে তামিলনাড়ুর জনগণের তীব্র মনোভাবের কথা তুলে ধরতে চাই আমি। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে তার সফরের বিরুদ্ধে এই মনোভাব বিবেচনা করার জন্য অনুরোধ জানাবো আমি।
জি কে ভাসান গত সপ্তাহে মনমোহনের সঙ্গে দেখা করে তাকে সম্মেলন বর্জন করতে বলেন। চিদাম্বরমের ঘনিষ্ঠজনেরা জানি-য়েছেন, অর্থমন্ত্রীও এই সফরের বিরোধিতা করে কলম্বোয় একটি প্রতি-নিধিদল পাঠানোর কথা বলেছেন। সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া উচিত হবে না বলে মনে করেন চিদাম্বরম।
২০০৯ সালে শ্রীলঙ্কা সেনাবাহিনীর চূড়ান্ত অভিযানে দুই দশকব্যাপী চলা তামিল বিদ্রোহের অবসান হয়। চূড়ান্ত ওই অভিযানের সময় শ্রীলঙ্কার সরকারি বাহিনী ব্যাপক যুদ্ধাপরাধ করেছে বলে আন্তর্জাতিকভাবে অভিযোগ ওঠে। শ্রীলঙ্কা সরকার এই অভিযোগ অস্বীকার করলেও অভিযোগ সত্য বলেই মনে করেন বিশ্লেষকরা।
