গাইবান্ধায় মা-মেয়েসহ ৮ জনের অপমৃত্যু

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ২০:৩২
গাইবান্ধার সাদুল্লাপুরে মা-মেয়েসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় আটজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। গাইবান্ধা গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহিষবান্দি (মাঝিপাড়া) গ্রামে বিদ্যুত্স্পৃষ্টে গত সোমবার সন্ধ্যায় মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হল, নিপেন চন্দ্র দাসের স্ত্রী পুতুল রাণী ও তার ৬ মাসের কন্যা নুপুর রাণী। সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, সন্ধ্যায় নিজ বাড়িতে মেয়েকে কোলে নিয়ে মোবাইল ফোন চার্জ দেয়ার সময় তারা বিদ্যুত্স্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নেত্রকোনা নেত্রকোনার কেন্দুয়া উপজেলা রামনগর গ্রামে গত সোমবার ভোরে আব্দুস সালাম নামে এক ব্যক্তি গাছ চাপায় মারা গেছেন। জানা যায়, কতিপয় দুর্বৃত্ত কেন্দুয়া-বৈকরহাটি সড়কের পাশে সরকারি গাছ চুরি করে গাছ কাটার সময় গাছের ডাল পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্বরূপকাঠি (পিরোজপুর) স্বরূপকাঠিতে বিদ্যুত স্পৃষ্টে দু’ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। জানা গেছে,গতকাল মংগলবার সকালে উপজেলার সোহাগদল গ্রামের মো.আবু হানিফ মিয়ার ছেলে ফিরোজ মিয়া বরছাকাঠির একটি ডক ইয়ার্ডে ট্রলারে রংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে্র নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামের মো. কামরুল ইসলাম গত সোমবার চাদপুরের মতলবে গাছ কাটার সময় বিদ্যুত্ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উল্লাপাড়ার মৈত্র বড়হর গ্রামে গত সোমবার মজনু মিয়ার স্ত্রী বুলবুলি খাতুন নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেন। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি মামলা হয়েছে। বেনাপোল (যশোর) বেনাপোলের রাজাপুর গ্রামে পুকুর ডুবে মঙ্গলবার সকালে মুস্তাক মোড়ল নামে এক বৃদ্ধ মারা গেছে। সে ওই গ্রামের হোসেন মোড়লের ছেলে। তালা (সাতক্ষীরা) তালায় রিমা খাতুন নামের এক স্কুল ছাত্রী পিতা-মাতার ওপর অভিমান করে গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করেছে। সে উপজেলার পারকুমিরা গ্রামের আয়নাল হকের কন্যা এবং পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রী। গতকাল মঙ্গলবার ভোরে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে সে আত্নহত্যা করে। সোমবার স্কুলের নির্বাচনী পরীক্ষায় ফলাফলে সে ‘বি’ গ্রেডে পাস করে। এতে পিতা-মাতা তাকে বকাঝকা করলে সে অভিমান করে আত্মহত্যা করে।