বিভিন্ন স্থানে পাঁচ খুন

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ২০:৩২
দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় পাঁচজন খুন হয়েছেন। খবর ইত্তেফাক জেলা প্রতিনিধি ও সংবাদদাতাদের। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলার বড়হর গ্রামের পাশে করতোয়া নদী থেকে গত সোমবার সন্ধ্যায় ভাসমান অবস্থায় অর্ধগলিত (৪৫) একজনের লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া থানা পুলিশ। উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক আহসান হাবিব জানান, লাশের পরণে মেরুন রংয়ের একটি হাফ গেঞ্জি ও আকাশী রংয়ের জিন্সের প্যান্ট ছিল। পুলিশের ধারণা অন্তত দুই দিন আগে কেউ তাকে হত্যা করে নদীতে ফেলে দেয়। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি মামলা হয়েছে। নান্দাইল (ময়মনসিংহ) ময়মনসিংহের নান্দাইল উপজেলার নবীয়াবাদ গ্রাম থেকে গত সোমবার বিকালে রোমা আক্তার (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গত তিন দিন আগে রোমা নিখোঁজ হন। নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর বলেন, লাশের শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে। গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে বড় ভাইয়ের লঠির আঘাতে আহত ছোট ভাই আফছার আলী (৩৫) চিকিত্সাধীন অবস্থায় সোমবার মারা যান। এ ঘটনায় নিহত আফছারের ছোটভাই রফিকুলকে পুলিশ আটক করেছে। গত রবিবার জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে ছোট ভাই আহত হন। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাওঘাট এলাকা থেকে গত সোমবার মাসুদ রানার স্ত্রী মারিয়া আক্তার পায়েল (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ভুলতা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই তারিফুজ্জামান মিয়া জানান, পারিবারিক কলহের জের ধরে মাসুদ রানা তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) চুয়াডাঙ্গার দামুড়হুদার উজিরপুরে গত সোমবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পথ নিয়ে প্রতিবেশীর হামলায় পচা বিশ্বাস (৬৫) নামে এক ব্যক্তি নিহত ও একই পরিবারের ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, নিহতের স্ত্রী আনুরা খাতুন, মেয়ে শাহানাজ ও পুত্রবধূ ফরিদা খাতুন।