গুরুদাসপুরে বিল নিয়ে দুই গ্রুপে উত্তেজনা

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ২০:৩৩
নাটোরের গুরুদাসপুরে হাঁড়িভাঙ্গা বিল দখল নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে গত এক সপ্তাহ ধরে উত্তেজনা চলছে। পরিস্থিতি সামাল দিতে রোববার দুপুরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটটি জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়। তবে ওই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। ওই বিলের মাছ ধরাকে কেন্দ্র করে আব্দুল কুদ্দুস এমপি ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র শাহনেওয়াজ আলীর সমর্থকদের মধ্যে রবিবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়র শাহনেওয়াজ গ্রুপের শেখ ফরিদের নেতৃত্বে স্লুইসগেটে জাল পেতে মাছ ধর ছিল তার সমর্থকরা। এসময় এমপি গ্রুপের লোকজন ওই জাল তুলে তাদের জাল পাতার চেষ্টা করলে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থল থেকে জালগুলো জব্দ করে। তাছাড়া সাংসদ গ্রুপের সমর্থকদের প্রতিবাদের মুখে ভ্রাম্যমাণ আদালতের কর্তব্যরত পুলিশ মেয়র সমর্থকদের পাতা জাল কেটে ভাসিয়ে দেয়। এতে আবারও উত্তেজনার সৃষ্টি হলে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।