বেনাপোলের পুটখালী ও দৌলতপুর সীমান্ত থেকে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় সোমবার ভোরে শিশুসহ ১৭ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি।
২৩ বিজিবি অধিনায়ক তায়েফ-উল হক জানান, বেনাপোলের পুটখালী ও দৌলতপুর সীমান্ত দিয়ে বেশ কিছু বাংলাদেশী নাগরিক অবৈধ পথে ভারতে যাওয়ার জন্য সীমান্ত এলাকায় অবস্থান করছে। এ ধরনের গোপন সংবাদেরভিত্তিতে পুটখালী ও দৌলতপুর সীমান্তের বিজিবি সদস্যরা পৃথক দু’টি অভিযান চালিয়ে ২ শিশুসহ ১৭ নারী পুরুষকে আটক করে। আটককৃতদের মধ্যে রয়েছে ১৪ জন পুরুষ, ১ জন মহিলা ও ২ জন শিশু। এ সময় তাদের সাথে থাকা দালালচক্র পালিয়ে যায়। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতদের বাড়ি ঝিকরগাছা, যশোর, কিশোরগঞ্জ, বরিশাল, জামালপুর এবং মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
