তালায় সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে প্রতারণা

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ২০:৩৪
সাতক্ষীরার তালায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে একাধিক মেয়েকে বিয়ে করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক প্রতারককে আটক করেছে জনতা। আটক প্রতারকের নাম পবিত্র আচার্য। সে উপজেলার কুমিরা গ্রামের মনোরঞ্জন আচার্যের ছেলে। আশাশুনির খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম জানান, তার ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামের বাসিন্দা সাতক্ষীরা সরকারি কলেজে বিএ (সম্মান) পড়ুয়া ছাত্রী রিজিয়া খাতুন ও তালা উপজেলার কুমিরা মহিলা কলেজের বিএ (সম্মান) পড়ুয়া ছাত্রী রোজিনা খাতুনকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে গত ৬ মাস আগে পৃথক নামে বিয়ে করে পবিত্র আচার্য। ভুয়া কাবিননামা তৈরি করে বিভিন্ন কৌশলে রিজিয়া খাতুনের কাছ থেকে ২ লাখ ৫০ হাজার ও রোজিনা খাতুনের কাছ থেকে ৭৫ হাজার টাকা হাতিয়ে নেয় ওই প্রতারক। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। বিভিন্নভাবে সন্ধানের পর বৃহস্পতিবার তাকে কুমিরা এলাকায় ধরে ফেলে স্থানীয় লোকজন। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় কুমিরা ইউনিয়ন পরিষদে। সেখানে কুমিরা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ও খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম বৈঠকে বসলেও কোন সুরাহা হয়নি। শনিবার বিকালে আরেক দফা সালিশী বৈঠক হলেও নিষ্পত্তি হয়নি। বিষয়টি নিয়ে বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারগুলো।