ঝিনাইগাতী উপজেলায় টিআরের চাল/গম আত্মসাতের অভিযোগে আরো ৪ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার দুদক টাঙ্গাইলের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ মামলাটি দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন খান, গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান সুলতান আহমেদ খোকা, হাতিবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন ও মালিঝিকান্দা ইউনিয়নের চেয়ারম্যান শফিউদ্দিন। জানা যায়, ২০১১/১২ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচি (টিআর) প্রকল্পের আওতায় ১শ’মে.টন চাল/গম বরাদ্দ দেয় সরকার। নিয়ম অনুযায়ী এসব চাল/গমে গ্রামীণ অবকাঠামো সংস্কারের কথা থাকলেও অভিযুক্তরা তা না করে ভুয়া প্রকল্প সাজিয়ে এবং ভুয়া মাস্টার রোল দাখিল করে তা উত্তোলন ও কালো বাজারে বিক্রি করে আত্মসাত্ করেন। এ নিয়ে উপজেলার ৭ ইউনিয়নের চেয়ারম্যানের নামেই দুদকের মামলা হলো। আর এসব মামলায় উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশাকে আসামি করা হয়েছে।
