সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ২০:৩৭
চট্টগ্রামে শ্রেষ্ঠ যুব সংগঠক মাহাবুবর রহমান কাউখালী(রাঙ্গামাটি) সংবাদদাতা \ ‘প্রশিক্ষিত যুবশক্তি উন্নয়নে দৃঢ় ভিত্তি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে এবারে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। যুব পরিকল্পনা ও কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনতে বিশেষ অবদানের জন্য জাতীয় যুব দিবস-২০১৩ উপলক্ষে জাতীয় পর্যায়ে চট্টগ্রাম বিভাগীয় শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে নির্বাচিত হয়েছেন বেসরকারি সমাজ উন্নয়ন সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন-ইপসা’র পরিচালক মোঃ মাহাবুবর রহমান। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ্ শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে মোঃ মাহাবুবর রহমানের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোঃ আব্দুল মানান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোখলেসুর রহমান প্রমুখ। সুজানগরে সমঝোতায় বিএনপি-আওয়ামী লীগ সুজানগর (পাবনা) সংবাদদাতা \ পাবনার সুজানগর পৌর এলাকায় রাজনৈতিক সহাবস্থান এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বিএনপির একাংশের নেতৃবৃন্দের সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার পৌর বাজারে বিএনপির ওই অংশের নেতা আজম আলী বিশ্বাসের সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দের এই বৈঠক অনুষ্ঠিত হয়। আর ওই বৈঠকের কারণে গত সোমবার পৌর এলাকায় বিএনপির ওই অংশের নেতা-কর্মীদের হরতালের সমর্থনে কোন কর্মসূচি পালন করতে দেখা যায়নি। তবে বিএনপির অপর অংশের নেতা সাবেক এমপি একেএম সেলিম রেজা হাবিবের নেতৃত্বে উপজেলার অন্যান্য ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে হরতাল পালিত হয়েছে। মুক্তাগাছায় আওয়ামী লীগ নেতার মতবিনিময় ময়মনসিংহ প্রতিনিধি\ ময়মনসিংহের মুক্তাগাছা-৫ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে অনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা দিয়েছেন তাহমিনা জাকারিয়া। তাহমিনা জাকারিয়া বিটিভি’র একজন সংবাদ উপস্থাপক। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথা নৌকার সমর্থনে এবং আওয়ামী লীগের অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করে যাওয়ার আহবান জানান। গত সোমবার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইদ্রিস আলী আকন্দের সভাপতিত্বে আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু তাহের সরকার ছানা মিয়া, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হাই মাস্টার, আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী সরকার, শহিদুল ইসলাম শহিদ, আব্দুল বারীসহ অনেকেই বক্তব্য রাখেন। লাকসামে কঠিন চীবরদান উত্সব লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা \ লাকসামের ছোট চাঁদপুরে পূর্ণজ্যোতি বৌদ্ধ বিহারে বিশ্ব শান্তি কামনায় দিনব্যাপী কঠিন চীবরদান উত্সব গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম পাথরঘাটা জেতবন শান্তি কুঞ্জ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমত্ এম বোধি মিত্র থের। কুমিল্লা কনকস্তুপ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমত্ ধর্মরক্ষিত মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্মীয় আলোচনায় অংশ নেন, কুমিল্লা কনকস্তুপ বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ শ্রীমত্ ধর্মপাল স্থবির, ঘনিয়াখালী বেনু বন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমত্ সাধন প্রিয় স্থবির, নূরপর মহানন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞা রত্ন ভিক্ষু প্রমুখ। নন্দীগ্রাম পৌর ছাত্রদলের কমিটি গঠন নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ গত সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহাবুল আলম, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন ও সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম স্বাক্ষরে ছাত্রদল নন্দীগ্রাম পৌর ছাত্রদলের আগের কমিটির বিলুপ্ত করে এনামুল হক আপেলকে সভাপতি, কামরুজ্জামান সোহেলকে সাধারণ সম্পাদক, গোলাম রব্বানীকে সাংগঠনিক সম্পাদক করে পৌর ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন করে। নাগেশ্বরীতে ‘সহিংসতা নয়-শান্তি চাই’ শীর্ষক সভা নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা \ নাগেশ্বরীতে নাগরিক অধিকার ফোরামের আয়োজনে ‘সহিংসতা নয়-শান্তি চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১৪ ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য, সাংবাদিক, পেশাজীবী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করে। গত সোমবার পৌর মেয়র আব্দুর রহমান মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক প্রধান, যুগ্ম সম্পাদক লিটন চৌধুরী, জাতীয় পার্টির সদস্য সচিব আ.ম.প. আনিছুর রহমান, বিএনপির সভাপতি গোলাম রসুল রাজা, বণিক সমিতির সভাপতি নুরন্নবী দুলাল, অধ্যক্ষ সাহেদুল ইসলাম, থানা পুলিশ পরিদর্শক আব্দুর রশিদ প্রমুখ। শর্ট সার্কিটে পুড়ে গেছে উজিরপুরের ৮টি দোকান বানারীপাড়া (বরিশাল) সংবাদদাত\ উজিরপুর উপজেলার লস্করপুর বাজারে বিদ্যুতের শর্টসার্কিট’র মাধ্যমে অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসত ঘর পুরে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এসময় আগুন নেভাতে ও মালামাল সরাতে গিয়ে ৫ ব্যবসায়ী আহত হয়েছেন। গত রবিবার দুপুরে ওই বাজারের জামাল হোসেনের মুদি দোকান থেকে বিদ্যুতের শর্টসার্কিট হয়ে আগুন ছড়িয়ে পড়লে ব্যবসা প্রতিষ্ঠানসহ বসতঘর পুরে যায়। এসময় ব্যবসায়ী জামাল হাওলাদার, তুহিন হাওলাদার, করিম, ইমরান ও এনায়েত হোসেন আহত হন। আহতদের মধ্যে তুহিন ও জামাল হাওলাদারকে বানারীপাড়ার চাখার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কমলগঞ্জে চা বাগানে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা \ কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রকলা চা বাগানে চা শ্রমিক সন্তান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত সোমবার এ সংবর্ধনা প্রদান করা হয়। নব দিগন্ত চা ছাত্র যুব পরিষদ ও মাধবপুর ইউপি চেয়ারম্যানের আয়োজনে রিপন কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কিশোলায় চক্রবর্তী, মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, অধ্যক্ষ কামরুজ্জামান মিঞা, চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী, সাংবাদিক মুজিবুর রহমান প্রমুখ। কমলগঞ্জে ঘন কুয়াশায় যান চলাচলে বিঘ্ন কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা \ গত রবিবার সন্ধ্যার পর থেকে কমলগঞ্জ উপজেলার সর্বত্র ঘন কুয়াশায় আচ্ছাদিত হয়ে পড়ে। হঠাত্ ঘন কুয়াশা পড়ায় রবিবার রাতে উপজেলার সবগুলো সড়কে স্বাভাবিক যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। ঘন কুয়াশার কারণে যানবাহনের এক হাত দূরের কিছু দেখতে পাননি চালকরা। ফলে যানবাহন চালকরা খুব সাবধানতা অবলম্বন করে ধীরে ধীরে যানবাহন চালিয়ে নিজ নিজ গন্তব্যে যেতে হয়েছে। গত সোমবার সকাল ৯টা পর্যন্ত কমলগঞ্জের আকাশ কুয়াশায় আচ্ছন্ন ছিল। কুমিল্লায় ১৮ দলের বিক্ষোভ মিছিল কুমিল্লা প্রতিনিধি \ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, সারাদেশে হত্যা গুম ও নেতা-কর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে টানা ৬০ ঘন্টা হরতালের প্রথম দিনে গত সোমবার কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন-উর রশিদ ইয়াছিনের নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় বক্তব্য রাখেন ফজলুল হক ফজলু, আমিনুল হক, মোছলেউদ্দিন, অ্যাড. আলী আক্কাছ, জসিমউদ্দিন ভিপি, আমিরুজ্জামন আমির, মোস্তফা জামান, রেজাউল কাইয়ূম, উত্বাতুল বারী আবু, নিজামউদ্দিন কায়সারসহ ১৮ দলীয় জোট নেতৃবৃন্দ। বটিয়াঘাটায় মিছিল করতে পারেনি বিএনপি বটিয়াঘাটা (খুলনা)সংবাদদাতা \ সারাদেশে ডাকা হরতালের সমর্থনে গত সোমবার উপজেলা বিএনপির সভাপতি আমীর এজাজ খানের নেতৃত্বে বটিয়াঘাটায় শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়। সকাল থেকে নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ের সামনে পিকেটিং করে। বেলা বারোটা পর্যন্ত দোকানপাট বন্ধ ছিল। তবে দূরপাল্লার যান চলাচল না করলেও ভ্যান, নছিমন, বেবী টেক্সি, মহেন্দ্রো, ইজিবাইক চলাচল করতে দেখা গেছে। পুলিশের বাধার মুখে তারা মিছিল বের করতে পারেনি। তারা চৌরাস্তা মোড়ে পথসভা করে। সদরপুরে একেকের সবজির বীজ বিতরণ সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মার চরাঞ্চলের চরনাসিরপুর ইউনিয়নের শতাধিক কৃষক পরিবারের মাঝে একেকের আয়োজনে গত সোমবার সকালে শাক-সবজির বীজ বিতরণ করা হয়। বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদরপুর উপজেলা কৃষি অফিসার আব্দুল কাদের সরদার। একেকের সদরপুর উপজেলা সমন্বয়কারী রনজিত্ কুমার শীলের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. ইলিয়াছ হোসেন, সদরপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদ মিয়া, সাংবাদিক মো. কামরুল ইসলাম ও একেকের মাঠকর্মীবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক অর্থায়ন করেন অক্সফাম। নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থগিত ক্লাস ১০ নভেম্বর নোয়াখালী প্রতিনিধি \ ৪ মাস ৯ দিন পর পর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) এবং ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন সায়েন্স (এফটিএনএস) বিভাগের ক্লাশ আগামী ১০ নভেম্বর থেকে শুরু হবে। রেজিস্ট্রার প্রফেসর মোঃ মমিনুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জাননো হয়েছে, উদ্ভুত পরিস্থিতি মোকাবেলা করতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে গত ২ জুলাই এই দুই বিভাগ বন্ধ রাখা হয়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিধি বিধান মেনে চলার অঙ্গীকার করায় শনিবার অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের জরুরি সভা ক্লাস চালুর সিদ্ধান্ত দিযেছে। সাতক্ষীরায় যক্ষ্মা নিয়ন্ত্রণে গোলটেবিল বৈঠক সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরায় যক্ষা নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকের আয়োজন করে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি, ব্র্যাক ও জেলা স্বাস্থ্য অধিদপ্তর। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক ড. আনোয়ার হোসেন হাওলাদার। সাতক্ষীরা সিভিল সার্জন ডা: এস জেড আতীকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, ডাঃ সৈয়দ মোবারক আলী, সাংবাদিক কল্যাণ ব্যানার্জী প্রমুখ। তালায় ব্র্যাকের শস্য কর্তন ও মাঠ দিবস তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার সকালে ব্র্যাকের তালা উপজেলার ডাঙ্গানলতা ব্লকের আওতায় আমন ধানের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা কৃষি অফিসার মোঃ সামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন তালা সদর ইউপি চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলী আহম্মেদ, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আল মামুন হাওলাদার, তালা উপজেলা ব্যবস্থাপক চন্দ্র শেখর মন্ডল, এগ্রোনোমিস্ট নূর মোহাম্মদ প্রমুখ। এসময় প্রতিবেশী ৫০ জন কৃষকের মাঝে ২শ’ টাকা করে সর্বমোট ১০ হাজার টাকা সম্মানী প্রদান করা হয়। বানারীপাড়ায় ভিপি সম্পত্তির ৬টি কাটা গাছ জব্দ বানারীপাড়া(বরিশাল)সংবাদদাতা\ বানারীপাড়ার নরোত্তমপুর গ্রামে ভিপি সম্পত্তির গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার উপজেলার নরোত্তমপুর গ্রামের আব্দুল মন্নান সরকারী ভিপি ক তফসিল সম্পত্তির ১৫/১৬টি মেহগিনি গাছ কেটে বিক্রি করার চেষ্টা করলে স্থানীয়রা বিষয়টি ইউএনওকে অবহিত করেন। তিনি স্থানীয় তহশিলদার আঃ রব ও সার্ভেয়ার রফিকুল ইসলাম(ভিপি) শাখা কে ঘটনাস্থলে পাঠিয়ে ৬টি কাটা মেহগিনি গাছ জব্দ করে নিয়ে আসেন। ওই ভিপি সম্পত্তি অবমুক্তির জন্য আইনজীবী সহকারী ও আ’লীগ নেতা হাবিবুর রহমান খান মন্টু বাদী হয়ে মামলা করেন। বিষয়টি বিচারাধীন রয়েছে। ইতিপূর্বে ওই ভিপি সম্পত্তি থেকে আঃ মন্নান গং ২ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির গাছ বিক্রি করলেও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এজেড মোরশেদ আলী ৬ টি কাটা গাছ জব্দ করার কথা স্বীকার করে জানান এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। মেহেরপুর পাবলিক লাইব্রেরির কমিটির দায়িত্ব গ্রহণ মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গত সোমবার মেহেরপুর পাবলিক লাইব্রেরির নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে পাবলিক লাইব্রেরির সভাপতি মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন বলেন, পৃথিবীর সবচেয়ে বড় আদালত হল মানুষের বিবেক। আর বই সেই বিবেককে জাগ্রত করে। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা, কার্যনির্বাহী নির্বাচন পরিচালনা কমিটির রিটার্নিং অফিসার সহকারী কমিশনার আমীনুল ইসলাম, নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আল মামুন অনল প্রমুখ। বেনাপোলে মাদক ব্যবসায়ী আটক বেনাপোল (যশোর) সংবাদদাতা \ বেনাপোলের রঘুনাথপুর সীমান্তে গত সোমবার রাতে ১ কেজি গাঁজা ও ১টি ভারতীয় বাজাজ মটর সাইকেলসহ ইসমাইল (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। ২৬ বিজিবি বেনাপোল রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার আঃ রহিম জানান, গোপন সংবাদের ভিওিতে মানকিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের আঃ রাজ্জাকের ছেলে ইসমাইলকে আটক করা হয়। বিজিবি তাকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে। পূর্বধলায় যুবদল নেতা আটক পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার পূর্বধলায় গত সোমবার গভীর রাতে গোলাম মোস্তফা ওরফে বাচ্চু (৪৩) নামে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। সে উপজেলার ছিলিমপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে ও গোহালাকান্দা ইউনিয়ন যুবদলের আহবায়ক । পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বশীর আহমেদ জানান, হরতালে নাশকতা সৃষ্টির আশংকায় তাকে আটক করা হয়। গাজীপুরে ককটেল বিস্ফোরণ গাজীপুর প্রতিনিধি \ হরতালের দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার সকালে গাজীপুর জেলা শহরের রাজবাড়ির ঢাল এলাকায় ককটেল বিস্ফোরণ হয়েছে। এ সময় পিকেটাররা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে জেলা শহরের জয়দেবপুর-জোড়পুকুর সড়কের রাজবাড়ির ঢালে ৩-৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায় পিকেটাররা। এ সময় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরে তারা গাড়ি ভাংচুর ও সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ককটেলের বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, পুলিশ ধাওয়া দিলে পিকেটাররা পালিয়ে যায়। তালায় মহাসড়ক অবরোধ তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে ১৮ দলীয় জোটের টানা ৬০ ঘন্টা হরতালের ২য় দিন গতকাল মঙ্গলবার মিছিল ও সামাবেশ করেছে তালা উপজেলা জামায়াত-শিবির নেতৃবৃন্দ। উপজেলা জামায়াত ইসলামী’র সদ্য কারামুক্ত আমীর অধ্যাপক গাজী সুজায়েত আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কর্ম পরিষদ সদস্য ডাঃ মাহমুদুল হক। এসময় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা হারুন-অর-রশিদ কলেজ মোড়, কুমিরা বাস স্ট্যান্ড ও পাটকেলঘাটা গোডাউন রোড এলাকায় গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে পিকেটিং করে জামায়াত-শিবিরকর্মীরা। এ সময় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। নেত্রকোনায় ছাত্রদল নেতার বাড়িতে পুলিশি হানা নেত্রকোনা প্রতিনিধি \ ১৮ দলের ডাকা হরতাল গতকাল মঙ্গলবার ও নেত্রকোনায় পালিত হয়নি। তবে দূর পাল্লার কোন যানবাহন চলাচল করেনি। অফিস-আদালত ছিল স্বাভাবিক। এদিকে গত সোমবার রাতে শহরের ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত ছাত্রদলের এক নেতার বাড়িতে হানা দিলেও তাকে পায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে। ককটেল হামলায় ৫জন আহত হয়। অপরদিকে নাশকতার সৃষ্টির অভিযোগে বারহাট্টা থানা পুলিশ গতকাল মঙ্গলবার সকালে বারহাট্টা উপজেলা জামায়াতের আমীর নাজমুল হককে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে যানবাহনে হামলা ও ভাংচুরের অভিযোগ রয়েছে । কুড়িগ্রাম হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত কুড়িগ্রাম প্রতিনিধি \ কুড়িগ্রাম সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণে গত সোমবার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মো. জাফর আলী ও স্বাস্থ্য-পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এম.এম নিয়াজউদ্দীন নতুন ৮ তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। বিশ্বব্যাংকের অর্থায়নে গণপূর্ত বিভাগ ৩২ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করবে। রংপুর স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শাহাদত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক এ বি এম আজাদ, সিভিল সার্জন ডা. লোকমান হাকিম, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মন্ডল প্রমুখ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পটি বাস্তবায়ন হতে যাচ্ছে। বেগমগঞ্জে ২ ছাত্রকে পিটিয়েছে যুবদল কর্মীরা চৌমুহনী(নোয়াখালী)সংবাদদাতা \ গত সোমবার বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির দুই ছাত্রকে ক্লাস থেকে বের করে এনে পিটিয়ে আহত করেছে যুবদল কর্মীরা। জানা যায়, ক্লাস চলাকালে দুই ছাত্র ইমাম ও সাইফুলকে ডেকে এনে স্থানীয় যুবদল কর্মী বাবু ও বাবুলের নেতৃত্বে কতিপয় বহিরাগত জোর করে বাইরে নিয়ে যায়। পরে বেদম প্রহার করে তাদের সাইকেল ও মোবাইল নিয়ে যায়। গুরুতর অবস্থায় তারা স্থানীয়ভাবে চিকিত্সাধীন রয়েছে। উল্লেখ্য, ২রা নভেম্বর মাইজদীতে আওয়ামী লীগের সভায় ইমাম ও সাইফুল যোগদান করায় যুবদলের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।