মজুরি পুনর্বিবেচনা না হলে কর্মসূচি

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ২১:২১
৪৬টি গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ মজুরি বোর্ড কর্তৃক ঘোষিত ন্যূনতম মজুরি ৫ হাজার ৩শ’ টাকা গার্মেন্টস শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য নয় বলে প্রত্যাখ্যান করেছে। তারা এই সুপারিশ পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে। অন্যথায় ১০ নভেম্বর মজুরি পুনঃমূল্যায়ন করার জন্য মজুরি বোর্ডে স্মারকলিপি পেশ, ৭ নভেম্বর থেকে বিভিন্ন রাজনৈতিক দল, শ্রেণী-পেশা ও ছাত্র সংগঠনসমূহের সাথে মতবিনিময় এবং ঢাকাসহ দেশব্যাপী গার্মেন্টস শ্রমিক অঞ্চলের সভা-সমাবেশ ও মিছিল, গেট সভা, ১২ নভেম্বর নারায়ণগঞ্জ ও ১৫ নভেম্বর গাজীপুরে সমাবেশ অনুষ্ঠিত করার ঘোষণা দেন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, বোর্ড কর্তৃক সুপারিশকৃত মজুরি দিয়ে শিল্পে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে না। গতকাল সকালে ২৩/২ তোপখানা রোডের সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তারা। যৌথ সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোশরেফা মিশু। এ সময় আরো উপস্থিত ছিলেন এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, তাসলিমা আক্তার, মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, শবনম হাফিজ, প্রকাশ দত্ত, শামীম ইমাম, শহীদুল ইসলাম সবুজ, জুলহাসনাইন বাবু।