ইন্টারনেট ব্রাউজার হিসেবে মজিলা ফায়ারফক্স বেশ জনপ্রিয়। ইদানিং গুগল ক্রোমের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় কিছু ব্যবহারকারী কমেছে ফায়ারফক্সের। তবে তারপরেও বিশ্বজুড়ে এটি একটি নির্ভরযোগ্য ওয়েব ব্রাউজার হিসেবেই স্বীকৃত। ফায়ারফক্সে নানা ধরনের কাজ করতে গিয়ে দেখা পাবেন বিভিন্ন ধরনের অ্যাড-অনসের। এসব অ্যাড-অনস কাজে নিয়ে আসবে বাড়তি গতি, এনে দেবে নতুন অভিজ্ঞতা। এরকম কয়েকটি অ্যাড-অনসের কথা জানানো হলো এই লেখায়।
ইমেইলের খবর জানতে
ইমেইলের ইনবক্স দেখার জন্য ইয়াহু ব্যবহারকারীরা ইয়াহু মেইল নোটিফায়ার এবং এবং জিমেইল ব্যবহারকারীরা জিমেইল নোটিফায়ার ইন্সটল করে নিয়ে ইয়াহু মেইল বা জিমেইল না খুলেই পাবেন তাদের সব ইমেইলের খবর। মেইল আসার সঙ্গে সঙ্গেই এগুলো সংকেত দিয়ে তা জানিয়ে দেবে আপনাকে। ইয়াহু মেইল নোটিফায়ার ডাউনলোড করতে ভিজিট করুন http://goo.gl/dUJBV এবং জিমেইল নোটিফায়ার ডাউনলোড করতে ভিজিট করুন http://goo.gl/HoHLm।
পাসওয়ার্ডে সহায়তা
পাসওয়ার্ড তৈরিতে সহায়তা করবে ফায়ারফক্সের এই অ্যাড-অনসটি। অনেকেই বিভিন্ন সাইট বা ইমেইলের জন্য নির্দিষ্ট কিছু পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন যা নিরাপদ নয়। ভালো কিছু পাসওয়ার্ডের ধারণা পাওয়া যাবে এর মাধ্যমে। http://goo.gl/cLLnq ঠিকানা থেকে এটি ডাউনলোড করা যাবে।
প্রয়োজন নেই মাউসের
ওয়েব ব্রাউজ করার জন্য আপনার কিবোর্ডই যথেষ্ট, মাউসের প্রয়োজন নেই। মাউসের বিকল্প হিসেবে আপনি ব্যবহার করতে পারেন ফায়ারফক্সের এই অ্যাড-অনসটি। এটি ব্যবহার করলে যেকোনো ওয়েবপেজের বিভিন্ন লিংক, বাটন ইত্যাদির পাশে কিছু ইউনিক নম্বর উল্লেখ করা থাকে। কোনো বাটনে ক্লিক করতে বা কোনো লিংকে যেতে কিবোর্ড দিয়ে ওই নম্বর টাইপ করে এন্টার চাপলেই হবে। এটি ডাউনলোড করতে ভিজিট করুন http://goo.gl/rpNgO।
বাংলা বানান ঠিক করতে
ইন্টারনেটে এখন বাংলা ভাষায় লেখা ছাড়া আমাদের চলে না। ফেসবুক থেকে শুরু করে নানান ব্লগে এখন বাংলার ব্যবহার অনেক বেশি। বাংলা লেখার জন্য মুক্ত সফটওয়্যার অভ্র ব্যবহার করে থাকি অনেকেই। অভ্রতে নিজেরই বানান পরীক্ষার সফটওয়্যার রয়েছে। তবে এর বাইরেও মজিলার অ্যাড-অনস বাংলা ডিকশনারি ব্যবহার করলে সুবিধাই পাবেন। http://goo.gl/60Lkma ঠিকানা থেকে ডাউনলোড করে নিতে হবে অ্যাড-অনসটি। এটি ইনস্টল হয়ে গেলে ওয়েবে বাংলা লেখার সময় মাউসের ডান বাটনে ক্লিক করে Language থেকে Bangla/Bangladesh নির্বাচন করতে হবে। এবার যেকোনো ইনপুট বক্সে বাংলা লিখলে ভুল বানানটি আন্ডারলাইন করে প্রদর্শন করবে এটি। বানান সংশোধন করতে গেলে শব্দটির ওপর মাউসের ডান বাটন ক্লিক করলে মেন্যুতে কিছু সাজেশনও পাওয়া যাবে এখানে। ফলে আপনার পরিশ্রম অনেকটাই কমে যাবে।
স্ক্রিনশট নিতে
অনেক সময় ওয়েবসাইটের স্ক্রিনশট সংরক্ষণের প্রয়োজন হয়। এই কাজের জন্যই রয়েছে ফায়ারফক্সের অ্যাড-অনস অসামক্রিনশট প্লাস। এর মাধ্যমে মাধ্যমে পূর্ণ ওয়েবসাইট স্ক্রিনশট নেওয়ার পাশাপাশি কোনো পেজের নির্দিষ্ট অংশের স্ক্রিনশট নেওয়ারও সুযোগ রয়েছে এটি ব্যবহার করে। এটি ডাউনলোড করতে ভিজিট করুন http://goo.gl/58hFy।
ব্যাকআপ রাখুন
আমাদের সকলেরই বিভিন্ন ওয়েবঠিকানা সংরক্ষণ করে রাখতে হয়। তবে ফায়ারফক্স আপডেট করলে বা রি-ইনস্টল করলে অনেক সময় বুকমার্ক মুছে যায়। সেক্ষেত্রে নতুন করে আবার সব ওয়েবসাইটের ঠিকানা বুকমার্ক, কুকিজ, পাসওয়ার্ড ও হিস্টোরিসহ অন্যান্য সেটিংস সেভ করে নিতে হয়। এই পরিশ্রম দূর করতে পারে মজ ব্যাক-আপ নামক অ্যাড-অনস। এটি ডাউনলোড করতে ভিজিট করুন http://mozbackup.jasnapaka.com।
জুম করুন ছবি
Ctrl++ চেপে ব্রাউজারের লেখা বা ছবি বড় করে দেখা যায়। তবে আলাদা করে কোনো ওয়েবপেজের ছবি বড় করে দেখতে রয়েছে ইমেজ জুম অ্যাড-অনস। এটির ওয়েব ঠিকানা http://goo.gl/d4W0R।
ডাউনলোড করুন ইউটিউব ভিডিও
ইউটিউবে আমরা সকলেই ভিডিও দেখে থাকি। তবে ইউটিউব থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করা যায় না। ফায়ারফক্সের অ্যাড-অনস ১-ক্লিক ইউটিউব ভিডিও ডাউনলোড থাকলে এই কাজটিও আপনি করতে পরবেন খুব সহজেই। এটি ডাউনলোড করে নিন নিচের http://goo.gl/NxPzK6 ঠিকানা থেকে। এটি ইন্সটল করে নিলে যেকোনো ইউটিউব ভিডিও প্রদর্শনের সময়ই একটি লাল রঙের ডাউনলোড বাটন দেখতে পাবেন। এতে ক্লিক করলেই চলে আসবে ওই ভিডিও কোন কোন ফরম্যাটে রয়েছে। সেখান থেকে পছন্দের ফরম্যাট নির্বাচন করে দিলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।
দেখুন লাইভ ক্রিকট স্কোর
বিভিন্ন ওয়েবসাইটে সরাসরি খেলার স্কোর দেখার ব্যবস্থা থাকলেও ফায়ারফক্সের রয়েছে বিশেষ অ্যাড-অনস যার মাধ্যমে ওয়েবসাইটে না গিয়েও দেখা যায় খেলার স্কোর। http://goo.gl/WEgwf8 ঠিকানা থেকে ‘স্কোর ওয়াচ’ নামক অ্যাড-অন্সটি ইনস্টল করে নিলেই হবে। এরপর ফায়ারফক্স রিস্টার্ট করলে স্ট্যাটাস বারের ডান দিকে একটি স্কোর আইকন আসবে। স্কোর ওয়াচ মেন্যু থেকে চলতি সব খেলার স্কোর দেখা যায়।
ফায়ারফক্সে দেখুন ওয়াপ সাইট
মোবাইলের জন্য সাধারণত ওয়াপসাইটগুলো তৈরি হলেও একটি অ্যাড-অনস ব্যবহার করে আপনি আপনার পিসিতেও ফায়ারফক্সেই দেখতে পাবেন ওয়াপ সাইট। এর নাম ডাব্লিউএমএলব্রাউজার। এই অ্যাড-অনসটি ডাউনলোড করতে ভিজিট করুন http://goo.gl/xHzKh।
