পুরোনো পিসির জন্য ৫ গেম

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ২১:২৭
সময়ের সাথে সাথে প্রযুক্তির যত উন্নয়ন ঘটছে, ততই প্রযুক্তি পণ্যের কনফিগারেশন উন্নত হচ্ছে। একটা সময়ের পেন্টিয়াম প্রসেসরের জায়গায় এখন কোরআই সিরিজের প্রসেসর না হলে যেন পিসি পূর্ণতাই পায় না। পিসির কনফিগারেশনের এই উল্লম্ফনের সাথে সাথে সবকিছুতেই আসছে পরিবর্তন। বিশেষ করে নতুন নতুন তৈরি হওয়া গেমগুলো বিশেষভাবেই তৈরি করা হচ্ছে হাই-কনফিগারেশন পিসির জন্য। অনেক গেমই এখন কোরআই সিরিজের প্রসেসর ছাড়া খেলা যায় না, অনেক গেমের জন্য প্রয়োজন ডেডিকেটেড গ্রাফিক্স। কিন্তু পুরোনো পিসি নিয়েই যারা এখনও পথ চলছেন, তাদের কী হবে? নতুন গেমগুলো হয়ত তারা খেলতে পারবেন না, কিন্তু পুরোনো অনেক মজার গেমই কিন্তু রয়েছে তাদের জন্য। এই লেখায় পুরোনো লো-কনফিগারেশনের পিসিতে খেলার উপযোগী কিছু জনপ্রিয় গেমের কথা তুলে ধরা হলো। অ্যাটম জোম্বি স্ম্যাশার পুরোনো ক্লাসিক গেমের আদলে তৈরি করা অ্যাটম জোম্বি স্ম্যাশারের মূল লক্ষ্যই হলো জোম্বিদের নিধন করা। গেমটিতে জোম্বিরা হাজির হয় পার্পল রঙের ডট হিসেবে। আর সাধারণ মানুষদের হলুদ ডট দিয়ে হাজির করা হয়েছে। জোম্বিরা এসব সাধারণ মানুষদের সংস্পর্শে এলেই মানুষরা রূপান্তরিত হয় দানবে। তাই জোম্বিদের সংস্পর্শে আসার আগেই সরিয়ে ফেলতে হয় মানুষদের। উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সে খেলা যাবে গেমটি। http://blendogames.com/atomzombiesmasher ওয়েবসাইটে পাওয়া যাবে গেমটি। টেরারিয়া এই গেমটিতে আপনাকে যুদ্ধ করতে হবে জোম্বি, কঙ্কালসহ নানা ধরনের প্রতিপক্ষের বিরুদ্ধে। নানা ধরনের অস্ত্র দিয়ে যেমন তাদের আঘাত করতে হবে; তেমনি গাছ কেটে, গর্ত করে এবং বিভিন্ন ধরনের বস্তু ব্যবহার করে বিভিন্ন ধরনের কাঠামোও তৈরি করতে হবে। নানা ধরনের অস্ত্র ব্যবহারের সুযোগ রয়েছে এই গেমটিতে। গেমটির ওয়েবসাইট http://www.terraria.org। হটলাইন মায়ামি যারা একটু ভায়োলেন্সে ভরা গেম খেলতে পছন্দ করেন, তাদের জন্য হটলাইন মায়ামি হতে পারে আদর্শ একটি গেম। গ্যাংস্টারদের নিয়ে তৈরি গেমগুলোর পুরোনো সংস্করণ বলা যায় একে। গেমটি খেলতে খেলতে গত শতাব্দীর আশির দশকের স্বাদ পাওয়া যাবে। গেমটি খেলতে হলে ভিজিট করুন http://hotlinemiami.com। গানপয়েন্ট গোয়েন্দাদের নিয়ে তৈরি ক্লাসিক গেমগুলোর একটি গানপয়েন্ট। এই গেমটিতে আপনাকে খেলতে হবে ডাবল এজেন্ট হিসেবে। গেমটি খেলার জন্য যথেষ্ট বুদ্ধি খরচ করতে হবে আপনাকে। গেমটিতে রয়েছে দুই অস্ত্রনির্মাতা কোম্পানি। আর দুইটি কোম্পানিই ভাড়া করেছে আপনাকে অন্যদের ঘায়েল করতে। বুদ্ধি খাটিয়েই তাদের ম্যানেজ করতে হবে আপনাকে। টাকা উপার্জন করে শপিং করা থেকে শুরু করে নতুন নতুন অস্ত্র সংগ্রহও করতে পারবেন গেমটিতে। ওয়েবসাইট www.gunpointgame.com। টু দ্য মুন হূদয়স্পর্শী একটি কাহিনি নিয়ে তৈরি করা হয়েছে টু দ্য মুন গেমটি। গেমটিতে রয়েছে একজন মৃত্যুপথযাত্রী, যার শেষ ইচ্ছা চাঁদে যাওয়া। একদল বিজ্ঞানী সেই ব্যক্তির অতীতে ভ্রমণ করে জানতে চায় কেন এমন ইচ্ছা তার এবং সেটা কতটা গুরুত্বপূর্ণ। আর সেটা করতে গিয়ে সেই ব্যক্তির অতীত জীবনের ভালোবাসা, সুখ-দুঃখের সাথে একাত্ম হয়ে যায়। অ্যাডভেঞ্জার ঘরানার এই গেমটির ওয়েবসাইট http://freebirdgames.com/to_the_moon।