তৈরি হিমু পরিবহন, যাত্রী হিমু-রুপা

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ১৯:৪২
হিমু, রুপা, শুভ্র, জরি, মিসির আলী, মাজেদা খালা, বাকের ভাইয়ের স্রষ্টা হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে ব্যস্ত সময় কাটাচ্ছে ‘হিমু পরিবহন’। কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৫তম জন্মদিন আগামী ১৩ নভেম্বর। তাই নানা আয়োজন হিমু পরিবহনের। ‘হিমু পরিবহন’ হলো হুমায়ূন আহমেদের ভক্তের দল। সারা বছর তারা সাজে, হুমায়ূন আহমেদের সৃষ্ট চরিত্রের সাজে। হলুদ পাঞ্জাবির হিমু খালি পায়ে ঘুরে বেড়ায় শহর। নীল শাড়ি পড়ে হিমুর অপেক্ষায় থাকে রুপা। বাবার অর্থসম্পদের তোয়াক্কা না করে সাদাসিধে জীবনযাপন শুভ্রর। জরির না বলা ভালোবাসায় সিক্ত সে। মিসির আলী ব্যস্ত রহস্যের সমাধানে। বাদলের পাগলামিতে বিরক্ত তার বাবা, মায়ের আদুরে শাসনে পায় প্রশ্রয়, মাজেদা খালার কথা বলছি। এ রকম অনেক চরিত্রেই উঠে এসেছে হুমায়ূন আহমেদের লেখায়। হুমায়ূন আহমেদের সৃষ্ট চরিত্রের সাজে সেজে প্রিয় লেখকের জন্মদিন পালন করবে হিমু পরিবহনের যাত্রীরা। আগের দিনই হিমু পরিবহন যাবে নুহাশপল্লীতে। লেখকের সমাধিতে ফুল দেবে হিমুরা। নুহাশপল্লীর মাটিতে রোপণ করবে গাছ। প্রদীপের আলোয় আলোকিত করবে নুহাশপল্লীকে। আকাশে উড়বে ফানুস। জোছনা রাতে চলবে জলসা। হিমু পরিবহনের নিশিযাপন হবে বৃষ্টিবিলাসে। ১৩ তারিখ ভোরে নেত্রকোনার পথে থাকবে হিমু পরিবহন। গন্তব্য লেখকের জন্মস্থান। যে মাটিতে জন্মেছেন প্রিয় লেখক, সেই মাটিতে যাবে না হিমু পরিবহন, তা কি হয়? সে মাটির গন্ধ পেতে হিমু-রুপা ‘হিমু পরিবহন’-এর যাত্রী। হিমু পরিবহনের যাত্রী হবেন হুমায়ূন আহমেদের মা আয়েশা ফায়েজ। মোহনগঞ্জে হুমায়ূন আহমেদের জন্মদিনের কেক কাটবেন তিনি। হিমু-রুপারা ঘুরে দেখবে হুমায়ূন আহমেদের তৈরি শহীদ স্মৃতি বিদ্যাপিঠ। সেখানেও হবে নানা আয়োজন। এ সবকিছুর আপডেট পাওয়া যাবে ফেসবুক পেজে— https:// w w w. face book.com/ Himu Paribahan হিমু পরিবহনের এই আয়োজন নিয়ে ব্যস্ত জুবায়ের কবির তুষার, আসলাম, সজিব, রনি, অনির্বাণ, জান্নাতি, রুপা, মুনিয়া, অভি, মনিরসহ অনেক হিমু-রুপা। হুমায়ূন আহমেদের প্রতি তাদের ভালোবাসাটুকু এই লেখায় আবদ্ধ করা সম্ভব নয়। এভাবেই হুমায়ূন আহমেদের স্মৃতি রয়ে যাবে তারুণ্যের হূদয়ে।