সংসার সীমান্তে

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ১৯:৪৯
নতুন নাটক বেসরকারি চ্যানেল একুশেতে সম্প্রতি শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘সংসার সীমান্তে’। এ আলম খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কাজী আমিরুল ইসলাম শোভা। এতে অভিনয় করেছেন আবুল হায়াত, আজিজুল হাকিম, মীর সাব্বির, নাদিয়া, আলভী, ওভিদ রেহান, পুতুল, শামীম জমান, শিরীন আলম, সাবেরি আলম, আলিউল হক রুমি, উর্মী, সঞ্জীব আহমেদ, মো. হান্নান শেলী, কাজী বদরুল ইসলাম, এ কে আজাদসহ আরও অনেকে। নাটকটি সম্পূর্ণরূপে হাসি-কান্না, সুখ-দুঃখসহ বিভিন্ন নাটকীয়তায় ভরা একটি পারিবারিক নাটক। নাটকের গল্পে দেখা যাবে, পরিবারের কর্তা আমিন সাহেবের দুই ছেলে রাসেদ ও আকাশ এবং দুই জমজ মেয়ে রিতা ও রিনা। পরিবারের বড় ছেলে রাসেদ এবং তার স্ত্রী অনিমা। তারা নিঃসন্তান দম্পতি। রাসেদ প্রাইভেট চাকরি করে তবে ব্যবসার দিকে তার ঝোঁকটা একটু বেশি এবং ব্যবসা করতে গিয়ে প্রতিবার প্রচুর টাকা লোকসান করে। তবুও বাবা আমিন সাহেব ছেলে একটা ভালো কিছু করবে সেই আশায় প্রতিবার টাকা দিয়েই যান। এ নিয়ে মাঝে মাঝে বাবার সাথে মজার মজার নাটকীয় মান-অভিমান হয়ে থাকে। রাসেদের স্ত্রী অনিমা অসম্ভব সুন্দর মনের একজন মানুষ। বাড়ির সবাই তাকে খুব ভালোবাসে এবং ছোটরা প্রচণ্ড মান্য করে। নিঃসন্তান বলে পরিবারের অন্য সদস্যরা মনে মনে ব্যথিত হলেও তার মনে বিন্দুমাত্র দুঃখ নেই। সে মনে করে পরিবারের প্রতিটি সদস্যই তার সন্তানের মতো। সংসারের খুঁটিনাটি বিষয়গুলো দক্ষতার সাথে ম্যানেজ করতে তিনি সিদ্ধহস্ত। মোট কথা পরিবারের প্রতিটি সদস্যের প্রতি অপরিসীম যত্নশীল। সেও প্রতিদান স্বরূপ প্রত্যেকের কাছ থেকে ভালোবাসা এবং সম্মান পায়। কলেজ পড়ুয়া রিতা-রিনা জমজ দুইবোন। তাদের মধ্যে প্রচণ্ড ভাব। তারপরেও মাঝে মাঝে বিভিন্ন বিষয় নিয়ে দুজনের মধ্যে নাটকীয় মনোমালিন্যে সৃষ্টি হয়। সেখানেও মজার মজার নাটকীয়তার সৃষ্টি হয়। ছোট ছেলে আকাশ পড়ালেখা শেষ করে তার মামা রফিকের সাথে নাটক নিয়ে ব্যস্ত থাকে। উল্লেখ্য মামা রফিক একজন বিখ্যাত নাট্য পরিচালক হিসেবে নিজেকে দাবি করে এবং আকাশ মামার প্রতি তার প্রচণ্ড সম্মানবোধ থেকে নায়ক হওয়ার আশায় মামার সাথে সাথে থাকে এবং মামা যা করতে বলে সেই মতো চলার চেষ্টা করে। এদিকে মামা রফিক যেহেতু একজন মজার মানুষ তাই সেখানেও নানা রকম মজার মজার নাটকীয়তার সৃষ্টি হয়। এর মধ্যে আকাশের এক ফুফাতো ভাই আমেরিকা থেকে বেড়াতে এসে তাদের দলে যোগ দেয় এবং সেখানে নাটকীয়তার মাত্রা আরেকটু যোগ হয়। নাটক প্রসঙ্গে পরিচালক কাজী আমিরুল ইসলাম শোভা বলেন, ‘এই নাটক দেখে দর্শকরা শুধু বিনোদন পাবেন, তা নয়। এর মধ্যে আছে বেশ কিছু মেসেজ। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।’ ধারাবাহিক নাটক ‘সংসার সীমান্তে’ প্রচারিত হয় প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে।