আবারও আইটেম গার্ল

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ১৯:৫০
প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে এখন সবার মুখে মুখে আলোচনা। মুক্তিপ্রাপ্ত ‘কৃষ থ্রি’ ছবিতে হূত্বিক রোশনের বিপরীতে আবার অভিনয়, একই ছবির আরেক অভিনেত্রী কঙ্গনা রানাওতের সঙ্গে স্নায়ুযুদ্ধে লিপ্ত হওয়া এবং মুক্তি প্রতীক্ষিত ‘রামলীলা’ ছবিতে একটি আইটেম সঙে তার দুর্দান্ত পারফর্মেন্স নিয়ে বলিউডে নানামুখী আলোচনা হচ্ছে। কেউ বলছেন, ‘কৃষ থ্রি’তে কঙ্গনার কাছে হেরে গেছেন প্রিয়াঙ্কা। প্রধান নায়িকা হয়েও তিনি যা করতে পারেননি, কঙ্গনার তার চেয়ে অনেক বেশি অর্জন করেছেন এ ছবিতে। ওদিকে ‘রামলীলা’ ছবিতে একটি আইটেম সঙে চোখ ধাঁধানো পারফর্মেন্সের সুবাদে এখন প্রিয়াঙ্কা সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। প্রিয়াঙ্কার সাম্প্রতিক নানা কথা তুলে ধরেছেন রেজাউল করিম খোকন সঞ্জয় লীলা বানসালির বহুল প্রতীক্ষিত ও আলোচিত ছবি ‘রামলীলা’ মুক্তি পাবে আরও এক সপ্তাহ পর আগামী ১৫ নভেম্বর। এ ছবিটিকে ঘিরে দর্শকদের আগ্রহ কৌতূহলের শেষ নেই। এ ছবিতে নায়িকা চরিত্রে নয়, স্রেফ একটি আইটেম সঙে পারফর্ম করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন টিভি চ্যানেলে দেখানো হচ্ছে প্রিয়াঙ্কার আইটেম সঙ ‘রাম জানে, লীলা জানে’। টিভি পর্দায় এবং অনলাইনে আইটেম সঙটি প্রচার শুরু হওয়ার পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে গেছে। যা নজিরবিহীন। ‘রামলীলা’ ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া একটি আইটেম সঙে পারফর্ম করেছেন—তেমন খবর মিডিয়ায় ভেসে বেড়াচ্ছিল গত বেশ ক’মাস ধরে। এ নিয়ে প্রিয়াঙ্কা কিংবা ছবির পরিচালক বানসালি প্রথমে মুখ খুলতে চাননি। শুরুতে আইটেম সঙটিতে পারফর্ম করার কথা ছিল ঐশ্বরিয়া রাইয়ের। সঞ্জয় লীলা বানসালি অনুরোধ করেছিলেন তার তিনটি উল্লেখযোগ্য ছবির নায়িকা অ্যাশকে আইটেম সঙটিতে পারফর্ম করার জন্য। কিন্তু অনেক বলেও তাকে রাজি করানো যায়নি। শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা চোপড়ার শরণাপন্ন হয়েছিলেন ‘রামলীলা’ ছবির পরিচালক। প্রিয়াঙ্কাও প্রথমে দ্বিধা-দ্বন্দ্বে ভুগছিলেন আইটেম সঙটি শেষ পর্যন্ত করবেন কি না ভেবে। কারণ এর আগে ‘শুট আউট অ্যাট ওয়াডালা’ ছবিতে একটি আইটেম সঙ ‘বাবলি বদমাশ’-এ পারফর্ম করেছিলেন তিনি। যার মাধ্যমে ব্যাপক আলোড়নের উচ্চাশা থাকলেও বাস্তবে সে আশা পূরণ হয়নি তার। ‘বাবলি বদমাশ’ আইটেম সঙে প্রিয়াঙ্কার পারফর্মেন্স ফ্লপ হয়েছিল। যে কারণে আগামীতে আর আইটেম সঙ নয়—তেমন সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন সাবেক বিশ্বসুন্দরী এই অভিনেত্রী। যাই হোক, পরিচালক-প্রযোজক সঞ্জয়লীলা বানসালির অনুরোধে শেষ পর্যন্ত ‘রামলীলা’ ছবির আইটেম সঙ ‘রাম জানে, লীলা জানে’-এর শুটিং করেন প্রিয়াঙ্কা। এ বিষয়ে নানা জনে তার কাছে কৌতূহলী হয়ে কিছু জানতে চাইলেও গানটির ধরন নিয়ে বেশ গোপনীয়তা বজায় রাখতে চেষ্টা করেছেন তিনি। মুখ ফুটে তেমন কিছু বলেননি। ফলে দর্শকদের কৌতূহলের মাত্রা আরও কয়েকগুণ বেড়েছে। সব রহস্য আর কৌতূহলের অবসান ঘটিয়ে অবশেষে প্রিয়াঙ্কার আইটেম সঙটি যখন টিভি পর্দায় ও অনলাইনে চলে এল, তখন সত্যি সত্যি আলোড়ন সৃষ্টি হলো। প্রিয়াঙ্কা অতীতে আইটেম সঙে ব্যর্থতার পরিচয় দিলেও ‘রামলীলা’ ছবিতে ঠিকই বাজিমাত করেছেন। মুজরা ধরনের গানটির সঙ্গে তার অসাধারণ পারফর্মেন্স সবার চোখ ধাঁধিয়ে দিয়েছে। গানটির কথা ও সুরের সঙ্গে প্রিয়াঙ্কার পারফর্মেন্স দর্শকদের চমকিত করেছে সন্দেহ নেই। এই সময়ের একটি অন্যতম সেরা আইটেম সঙ হিসেবে বিবেচিত হচ্ছে এটি। এতদিন ‘রামলীলা’ ছবিতে দীপিকা পাড়ুকোনের উপস্থিতি নিয়ে দর্শক উত্তেজিত শিহরিত থাকলেও প্রিয়াঙ্কা চোপড়ার আইটেম সঙটি দেখার পর দর্শকদের মনে নতুন নেশা ধরে গেছে। ‘রামজানে লীলা জানে’ গানটি ইউটিউবে প্রকাশ হওয়ার পর প্রথম তিন দিনে ১০ লাখেরও বেশি হিট পড়ে। আর ভক্তদের কাছ থেকে এমন অভূতপূর্ব সাড়া পাওয়ায় নিজেকে ধন্য মনে করছেন এই বলিউড তারকা। গানটি দেখার জন্য ১০ লাখ হিট পাওয়ায় ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তিনি টুইটারে। অবশ্য শুধু ‘রামললী’র আইটেম সঙটির জন্য নয়, প্রিয়াঙ্কার ভক্তরা ধন্যবাদ পেয়েছে তার কাছ থেকে এক্সোটিক গানটির বিক্রি এবং ‘কৃষ থ্রি’ ছবির ট্রেলর দেখার জন্যও। ‘রামলীলা’ ছবিতে আইটেম সঙ ‘রামজানে, লীলা জানে’ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি পরিচালক সঞ্জয় লীলা বানসালির ভীষণ ভক্ত বলেই গানটি করতে রাজি হয়েছি। তবে এটা আমার আগের আইটেম সঙগুলোর মতো নয়, বেশ কঠিন একটি গান ছিল। এটা আধুনিক মুজরা বলা যেতে পারে। মুজরা হলেও আধুনিক হওয়ার কারণ হলো, এতে ভারতীয় সংগীতের সুর ও তাল থাকলেও একই সঙে পাশ্চাত্যের বর্তমান ধারা ফুটিয়ে তোলা হয়েছে। আর নাচের ধরনটাই অন্যরকম। যেহেতু আমাদের প্র্যাকটিস করার তেমন সময় ও সুযোগ ছিল না, তাই সারা রাত জেগে প্র্যাকটিস করে সকালে শুটিং করেছি। প্রিয়াঙ্কার সব পরিশ্রম ও চেষ্টা সফল হয়েছে। তার আইটেম সঙটি এখন ‘রামলীলা’ ছবির সাফল্যের ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে বলে সবাই অভিমত প্রকাশ করেছেন। গত সপ্তাহে মুক্তিপ্রাপ্ত ‘কৃষ থ্রি’ ছবিতে কঙ্গনা রানাওতের সঙ্গে প্রিয়াঙ্কার অভিনয় এবং দর্শকদের আলোড়িত করার ক্ষেত্রে দু’জনের প্রতিযোগিতা নিয়ে এখন অনেক কথা হচ্ছে। প্রিয়াঙ্কা এ বছরে মুক্তিপ্রাপ্ত ‘শুট আউট অ্যাট ওয়াডালা’ ছবিতে ‘বাবলি বদমাশ’ আইটেম সঙে পারফর্ম করেছেন। ওই ছবির মূল নায়িকা ছিলেন কঙ্গনা রানাওত। এর আগে ২০০৮ সালে ‘ফ্যাশন’ ছবিতে তারা দু’জন একসঙ্গে অভিনয় করেছিলেন। দু’জনেই অসাধারণ কাজ দেখিয়েছিলেন। ‘ফ্যাশন’ ছবিতে অভিনয়ের জন্য প্রিয়াঙ্কা সেরা অভিনেত্রীর এবং কঙ্গনা সেরা পার্শ্ব অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্রে পুরস্কার পেয়েছিলেন। ‘কৃষ’ ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় প্রসঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাতকারে কঙ্গনা রানাওত বলেন, ‘এই ছবিতে আমরা দুটি দৃশ্যে একসঙ্গে অভিনয় করেছি। ‘কৃষ থ্রি’ ছবিতে আমি সুপারওম্যান হলে বাস্তবে কিন্তু প্রিয়াঙ্কাই সুপারওম্যান। কী গান, কী নাচ, কী অভিনয়—সব ক্ষেত্রেই প্রিয়াঙ্কাই সেরা। বিশ্বসুন্দরী থেকে বলিউড তারকা, তারপর পপস্টার এবং ‘রামলীলা’র আইটেম গার্ল—বরাবরই প্রিয়াঙ্কা চমকে দিচ্ছেন। গ্ল্যামার জগতে নতুন বিস্ময় সৃষ্টি করে চলেছেন।’