কালারস টিভি চ্যানেলে চলছে ক্রাইম সাসপেন্স থ্রিলার সিরিয়াল ‘টুয়েন্টি ফোর’। গতানুগতিক ফ্যামিলি ড্রামা আর কিচেন পলিটিক্স নির্ভর অগণিত হিন্দি টিভি সিরিয়ালের ভিড়ে ‘টুয়েন্টি ফোর’ বৈচিত্র্যের স্বাদ বয়ে এনেছে। হিন্দি ক্রাইম থ্রিলার সিরিয়ালগুলোর গল্প এবং উপস্থাপনা ভঙ্গি একঘেয়ে হয়ে ওঠায় দর্শক এমন কিছুরই প্রত্যাশায় ছিল। হলিউডের সাড়া জাগানো ক্রাইম থ্রিলার টিভি সিরিজ ‘টুয়েন্টি ফোর’-এর ভারতীয় সংস্করণ হিসেবে ছোটপর্দায় তোলপাড় সৃষ্টি করেছে এই সিরিয়ালটি। এই সময়ের আলোচিত ও জনপ্রিয় এই টিভি সিরিয়ালটি নিয়ে লিখেছেন রেজাউল করিম খোকন
আমেরিকান ক্রাইম সাসপেন্স টিভি সিরিজ ‘টুয়েন্টি ফোর’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডি তারকা অভিনেতা অনিল কাপুর। ওখানে তার অভিনীত চরিত্রটি ছিল একজন মুসলিম রাষ্ট্রপ্রধানের। যার নাম প্রেসিডেন্ট ওমর হাসান। আমেরিকান জনপ্রিয় সাসপেন্স থ্রিলার টিভি সিরিজ ‘টুয়েন্টি ফোর’-এর একটি সিজনের গুরুত্বপূর্ণ এই চরিত্রে অভিনয়ের সুবাদে অনিল কাপুরের আন্তর্জাতিক খ্যাতি ও পরিচিতি ছড়িয়ে পড়েছে তা বলাই বাহুল্য। সেই থেকে সিরিজটির নির্মাতা গোষ্ঠীর সঙ্গে অনিল কাপুরের ঘনিষ্ঠতা। যার সুবাদে তিনি ‘টুয়েন্টি ফোর’ সিরিজের হিন্দি সংস্করণ নির্মাণের স্বত্ব পেয়েছেন। এটাই প্রথম হিন্দি টিভি সিরিয়াল যা হলিউডের কোনো টিভি সিরিজের ভারতীয় সংস্করণ হিসেবে দর্শকদের সামনে এল।
অ্যাকশন থ্রিলার হিন্দি সিরিয়াল ‘টুয়েন্টি ফোর’-এর গল্প এন্টি টেরোরিস্ট ইউনিটের দুর্ধর্ষ এজেন্ট জয় সিং রাঠোরের সন্ত্রাসবাদী দলের বিরুদ্ধে দুর্দান্ত অভিযান ও অন্যান্য তত্পরতাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। জয় সিং রাঠোর একজন চৌকষ এবং দুর্ধর্ষ এজেন্ট হিসেবে এন্টি টেরোরিস্ট ইউনিটে কাজ করছেন অনেকদিন যাবত। তারই কারণে প্রধানমন্ত্রী পদপ্রার্থী আদিত্য সিংহানিয়ার হত্যা প্রচেষ্টা নস্যাত্ হয়ে যায়। যার কারণে আততায়ী চক্রের টার্গেটে পরিণত হয় জয় সিং রাঠোরের পরিবার। তারা তার কন্যাকে অপহরণ করে। কন্যাকে উদ্ধার করতে মরিয়া হয়ে ওঠে রাঠোরের স্ত্রী তৃষা রাঠোর। একদা সেনাবাহিনীতে দায়িত্বপালনকারী জয় সিং রাঠোর দিশেহারা হয়ে পড়ে। একদিকে অপরাধী চক্রের বিরুদ্ধে কঠিন লড়াই, অন্যদিকে তাদের হাতে বন্দী আপন কন্যাকে বিপদে অক্ষত অবস্থায় উদ্ধারের চেষ্টা। দায়িত্ব পালনে অটল মনোভাবের মানুষটি কী করবে, আপন সন্তানকে জীবিত অবস্থায় উদ্ধার করতে অভিযানে নেমে টের পায় শত্রুপক্ষ লুকিয়ে আছে চারপাশে। মাত্র চব্বিশ ঘণ্টা অর্থাত্ একদিনের গল্প ২৪ এপিসোডে তুলে ধরা হয়েছে ‘টুয়েন্টি ফোর’ সিরিয়ালে। টানটান উত্তেজনাপূর্ণ চব্বিশ ঘণ্টার নাটকীয় ঘটনা ডিটেলসভাবে প্রতিটি এক ঘণ্টার এপিসোডে ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে। দর্শকও শ্বাসরুদ্ধকর ঘটনাবলি উপভোগ করছেন। অনিল কাপুর ‘টুয়েন্টি ফোর’ সিরিয়ালের প্রযোজক এবং প্রধান তারকা হিসেবে প্রথমবারের মতো ছোটপর্দায় কাজ করলেন। সন্ত্রাস বিরোধী ইউনিটের প্রধান এজেন্ট জয় সিং রাঠোর চরিত্রে অনিল কাপুরের চমত্কার অভিনয় নতুন মাত্রা যুক্ত করেছে ‘টুয়েন্টি ফোর’ সিরিয়ালে। বলিউডের কয়েকজন ঝানু চিত্রনির্মাতা, কলাকুশলী এবং একঝাঁক অভিনেতা-অভিনেত্রী সিরিয়ালটিতে কাজ করেছেন। সাধারণ হিন্দি টিভি সিরিয়ালের চেয়ে সব কিছুতেই উন্নত এবং আন্তর্জাতিক মানের হয়ে উঠেছে তা। হলিউডের টিভি সিরিজটির চেয়ে কোনো অংশে কম মনে হচ্ছে না অনিল কাপুরের ‘টুয়েন্টি ফোর’ সিরিয়ালটিকে। এই সিরিয়ালে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শাবানা আজমী, অনুপম খের, টিসকা চোপড়া, মন্দিরা বেদি, অনিতা রাজের মতো ডাক সাইটে ও আলোচিত বলিউড তারকা।
কালারস চ্যানেল তো বটেই ‘টুয়েন্টি ফোর’ সিরিয়ালটি ভারতীয় টিভি সিরিয়ালের অঙ্গনে একটি উচ্চাভিলাসী টিভি শো হিসেবে বিবেচিত হচ্ছে। এজন্য বেশ বড় বাজেট বরাদ্দ করেছেন প্রযোজক অনিল কাপুর। কালারস টিভি চ্যানেলে প্রতি শুক্র ও শনিবার রাত সাড়ে ১০টায় ‘টুয়েন্টি ফোর’ সিরিয়ালটি দেখানো হয়।
