তিস্তায় সেতু নির্মাণের খবরে উলিপুরে উল্লাস

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২১:২৯
কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার সীমানায় তিস্তা নদীর উপর দীর্ঘ প্রতিক্ষার সেতু নির্মাণ প্রকল্প একনেক সভায় পাস হওয়ায় জেলা দু’টির মানুষ উল্লাস প্রকাশ করেছে। প্রায় সাড়ে ৬শ’ কোটি টাকা ব্যয়ে দেড় কিলোমিটার দীর্ঘ এ সেতু নির্মাণ হলে কুড়িগ্রামের সোনাহাট স্থল বন্দর থেকে ঢাকার দূরত্ব ১২০ কিলোমিটার কমে এ অঞ্চলে সড়ক যোগাযোগের ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন হবে। এর মাধ্যমে ঢাকার সাথে যোগাযোগের ক্ষেত্রে প্রায় ৩০ লাখ মানুষের অর্থ ও সময়ের সাশ্রয় হবে। তিস্তা নদীর উপর সেতু নির্মাণের মাধ্যমে গাইবান্ধার পাঁচপীর হয়ে রাজধানীর সাথে সড়ক যোগাযোগ স্থাপনের দাবি ছিল কুড়িগ্রাম জেলাবাসীর দীর্ঘ দিনের। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সেতু নির্মাণের স্থান সুন্দরগঞ্জ উপজেলা লাগোয়া পাঁচপীর ও উলিপুর উপজেলার বজরা লাগোয়া তিস্তা নদীর সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এরপর ১৪৯০ মিটার দীর্ঘ ‘প্রি-স্পেসড কংক্রিট গার্ডার’ সেতু নির্মাণের প্রস্তাব ও প্রাক্কলন তৈরি করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠান। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেয়া হয়। সৌদি উন্নয়ন ফান্ড (এসএফডি) এর ৫২৩ কোটি টাকাসহ ৪ বছরে এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৬শ’ ৩০ কোটি টাকা। সেতুটি নির্মাণ হলে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী,নাগেশ্বরী,রাজারহাট, ফুলবাড়ী, কুড়িগ্রাম সদর, চিলমারী,উলিপুর ও লালমনিরহাট জেলার ২ উপজেলার প্রায় ৩০ লাখ মানুষ উপকৃত হবে।