নিখোঁজের ৩ দিন পেরিয়ে গেলেও এখনো খোঁজ মিলেনি তানভীর রহমান খসরুর। ফরিদপুর শহরের টেপাখোলার বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তানভীর রহমান খসরু নামের এক যুবককে মাইক্রোবাসে তুলে নেয়া হয়। রবিবার ভোরে এঘটনা ঘটে। এরপর থেকে খসরুর কোন খবর পাচ্ছে না তার পরিবার। এদিকে ডিবি পুলিশ ও র্যাব জানিয়েছে, তারা খসরু নামের কাউকে আটক করেনি। খসরু সামপ্রতিক শহরতলীর চরটেপাখোলায় চাঞ্চল্যকর জোড়া খুন হওয়া মীর শামসুল হক মালত ও নারগিস নাহারের ভাতিজা। ঘটনার পর থেকে তানভীরের পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে।
এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি জিডি করা হয়েছে। খসরুর পরিবারের দাবি পুলিশ পরিচয়ে কোন সন্ত্রাসী চক্র তাকে অপহরণ করে থাকতে পারে।
নিখোঁজ খসরুর স্ত্রী সেলিনা রহমান সাংবাদিকদের জানান, তিনি স্বামী ও এক ছেলে, এক মেয়ে নিয়ে শহরের টেপাখোলার একটি ভাড়া বাসায় থাকতেন।
এ বিষয়ে কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহসিনুল হক জানান, অভিযোগ পাওয়া গেছে, খসরুকে পুলিশের পরিচয় দিয়ে বাড়ি থেকে তুলে আনা হয়েছে। পুলিশের পক্ষ থেকে এ নামে কাউকে আনা হয়নি।
