সোনাইমুড়িতে ডাকাত নিহত ৪ জন গুলিবিদ্ধসহ আহত ১০

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২১:৩১
জেলার সোনাইমুড়ীর জয়াগের থানার হাটবাজারে গত মঙ্গলবার সন্ধ্যায় দুটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা প্রায় ২শ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ডাকাতের গুলিতে সাইফুল, কাজল, সুমন, টিপু গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। গ্রামবাসী ডাকাতের ২টি মোটর সাইকেল পুড়িয়ে দেয় এবং গণপিটুনিতে লক্ষ্মীপুর জেলার চিহ্নিত সন্ত্রাসী মুন্না মারা যায়। জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় তিনটি মোটর সাইকেলে জ্যাকেট পরা ১০ জন অস্ত্রধারী আসিফ ও ইসলাম জুয়েলার্স অস্ত্রের মুখে লুটতরাজ চালায়। এ সময় ডাকাতদের এলোপাথাড়ি গুলিতে ৪ জন গুলিবিদ্ধ হন। এ খবর ছড়িয়ে পড়লে বাজারের সঙ্গে সব সংযোগ সড়ক অবরোধ করে গ্রামবাসী। ভাওরকোট গ্রামে রাস্তায় গাছ ফেলে একটি মোটর সাইকেলে গতিরোধ করলে কয়েকজন পালিয়ে গেলেও একজনকে আটক করে গ্রামবাসী। গণপিটুনীতেই ঘটনাস্থলে সে মারা যায়। ডাকাতদের মধ্যে ইয়াছিন নামের এক ডাকাত পুলিশের হেফাজতে চিকিত্সাধীন রয়েছে। সোনাইমুড়ীর থানা ওসি আব্দুস সালাম পিপিএম জানান, ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।