মির্জাপুরের ৩১ শয্যা হাসপাতালে দুর্নীতি!

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২১:৩২
রোগীরা চিকিত্সা নিতে এলে কমিশন পাওয়ার লোভে ভাগিয়ে দেয়া হয় প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে। কিছু অসাধু ডাক্তার ও কর্মচারী মিলে সিন্ডিকেট করে রোগীদের সরকারি ওষুধ চুরি করে বিক্রি করে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। ২শ’/৩শ’ টাকায় মিলছে হাড়ভাঙ্গা, চোখ অন্ধ ও কানে না শোনার ভুয়া ও জাল সার্টিফিকেট । এই জাল সার্টিফিকেট নিয়ে মামলায় জড়িয়ে পড়ছে অনেকে। এভাবে অনিয়ম আর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৩১ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল। এই হাসপাতালে দীর্ঘদিন ধরে চলে আসছে এ অনিয়ম ও দুর্নীতি। মেডিসিন, ডেন্টাল, গাইনী, সার্জারী ও জরুরি বিভাগসহ প্রতিটি বিভাগের করুণ দশা। এ ব্যাপারে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ মোঃ তৌফিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।