শ্যামনগরে কমে যাচ্ছে দেশীয় মাছ

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২১:৩২
কৃষি সমৃদ্ধ শ্যামনগর এলাকা বর্তমানে চিংড়ি বাণিজ্যিক উপজেলা হিসাবে প্রাধান্য পাওয়ায় একদিকে সরকার রাজস্ব পেলেও অন্য দিকে দেশীয় প্রজাতির মিষ্টি পানির মাছ হারিয়ে যাচ্ছে। এখন আর আগের মত হাট-বাজারে মিঠা পানির দেশীয় সুস্বাদু মাছ দেখা যায় না। পারিবারিক পুকুরগুলোতে মিঠা পানির পরিবর্তে লোনা পানি ঢুকিয়ে চিংড়ি মাছের চাষ করা হচ্ছে। উপজেলায় অসংখ্য নদী, খাল-বিল, পুকুর, জলাশয়ে দেশীয় প্রজাতির প্রজাতির সরপুঁটি, চিতল, শৌল, বোয়াল, শিং, মাগুর, কৈ, কোড়াল, বাইন, মলা, ঢেলা, টাকি, ভেইলসাসহ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যেত। উপজেলার বিভিন্ন বাজার এসব মাছে সয়লাব হয়ে যেত। এলাকার চাহিদা পূরণ করে দেশের অন্যান্য স্থানে সরবরাহ হত। কিন্তু দিনে দিনে এসব মাছ বিলুপ্ত হয়ে বাজারগুলো এখন দেশি মাছমূন্য হয়ে পড়েছে। লবণ পানির প্রভাবে একদিকে মিঠা পানির মাছ ধ্বংস হচ্ছে, অন্যদিকে এলাকার সবুজ বেষ্টনি, বিভিন্ন প্রজাতির শাক-সবজি, গাছ-গাছালী. গরু, ছাগল, মহিষসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি হারিয়ে যাচ্ছে। নির্বিচারে খাল-বিল, নদী-নালা, জলাশয় থেকে সমস্ত মাছ মেরে ফেলা হচ্ছে। জমিতে রাসায়নিক কীটনাশক ব্যবহার হচ্ছে। এতে মিঠা পানির মাছ বিলুপ্ত হচ্ছে।