নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়নে গ্রাম আদালতে গত তিন বছরে ৬ শতাধিক মামলা নিষ্পত্তি হয়েছে। জেলায় অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ (এভিসিবি) প্রকল্পটি বাস্তবায়নকারী সংস্থা বেসরকারি উন্নয়ন সংগঠন ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এ তথ্য জানিয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকল্পের আওতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জানানো হয়, চলতি ২০১৩ সালের জুলাই মাস পর্যন্ত সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়নে গ্রাম আদালতে মোট ৬২৯টি বিভিন্ন ধরনের মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৬ শতাধিক মামলা নিষ্পত্তি করা হয়েছে এবং ৩১টি মামলা বিচারাধীন রয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম।
আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্বাস আলী সরকার, সানজিদা বেগম লাকী, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নূরুন নাহার শাহজাদি, উপজেলা সমাজসেবা অফিসার নুসরাত ফাতেমা প্রমুখ।
