মনোহরগঞ্জে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা \ গত মঙ্গলবার কুমিল্লার মনোহরগঞ্জে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৩-এর উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়নের লক্ষ্যে ৩ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা উপজেলার লত্সর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়। কর্মশালা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুনসুর আলম খান। প্রশিক্ষণ প্রদান করবেন উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) এর ইন্সপেক্টর মোঃ মঞ্জুরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা অর্জুন কুমার মন্ডল, এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহ-শিক্ষা কর্মকর্তা মোঃ সোলেমান ভূইয়া, মোঃ মিনহাজ উদ্দিন।
বোয়ালমারীতে ৩ লাখ টাকার ভুয়া রিয়ালসহ আটক ১
বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা \ প্রাইম ব্যাংকের বোয়ালমারী শাখায় ৩ লাখ টাকার ভুয়া রিয়াল ১ লাখ টাকায় বিক্রি করে পালানোর সময় হারুন ফকির (৫০) ও ইকরাম খালাসী (৪৫) পুলিশের হাতে ধরা পড়েছে। এদের বাড়ি ভাঙ্গা উপজেলার পিরের চর গ্রামে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে কোর্টে চালান দেয়া হয়েছে। তবে অবৈধ লেনদেন করলেও ঐ কর্মকর্তার বিরুদ্ধে কোন অভিযোগ আনা হয়নি। গত ৪ নভেম্বর বিকালে ব্যাংকের নির্বাহী কর্মকর্তা আ: রজ্জাক গোপনে রিয়ালের একটি বান্ডিল ক্রয় করে। পরে বান্ডিল খুলে ভুয়া রিয়ালের প্রমাণ মিললে ব্যাংকের অন্যদের এবং পুলিশকে জানায়।
মংলায় শ্রমিক কর্মচারী কল্যাণ জোটের জনসভা
মংলা (বাগেরহাট) সংবাদদাতা \ খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, মংলা বন্দর এবং শ্রমজীবীদের স্বার্থে আমি সব সময় কথা বলেছি। আওয়ামী লীগ সরকার মংলা বন্দরের উন্নয়নের জন্য ৫শ’ ৩৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ১২০ কোটি টাকার ড্রেজিং-এর কাজ এবং জয়মনিতে ৬শ’কোটি টাকার সাইলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ নভেম্বর উদ্বোধন করবেন। শ্রমিকদের মজুরি বাড়ানো হয়েছে এবং আবাসিক ব্যবস্থার উন্নয়ন করা হবে। আমি আপনাদের লোক। মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থাকবো। গত সোমবার মংলা বন্দর শ্রমিক-কর্মচারী কল্যাণ জোটের জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মংলা বন্দর শ্রমিক-কর্মচারী কল্যাণ জোটের আহ্বায়ক শ্রমিক নেতা মোঃ শাহাজান শিকারী।
মির্জাপুরে যুবদল নেতা হত্যাকারীদের শাস্তি দাবিতে বিক্ষোভ
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল আলীম সিকদার (৩০) হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ হয়েছে গত মঙ্গলবার। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা ফিরোজ হায়দার খান, আব্দুর রাজ্জাক, জয়নাল আবেদীন, রফিক প্রমুখ। উল্লেখ্য যে, গত ২৬ অক্টোবর বিএনপির ডাকা হরতালের সময় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে আবুল কালাম আজাদ গ্রুপের পক্ষে বিএনপি নেতা তারিকুল ইসলাম নয়া, শাহআলম, জাহাঙ্গীর, মন্টুসহ ১৫/২০ জন সন্ত্রাসী ফিরোজ গ্রুপের আব্দুর আলীম সিকদারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে।
সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন
খুলনা অফিস \ পাবনার সাথিয়া উপজেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, ভাংচুর, অত্যাচার নির্যাতনের প্রতিবাদে গত মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা মহানগর ও জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি অমিয় সরকার গোরা। এতে বক্তারা সাম্প্রদায়িক উস্কানী ছড়িয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর তান্ডবকারী জামায়াত-শিবিরের ক্যাডারদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তৃতা করেন পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষ, সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু, জেলা পূজা পরিষদের সভাপতি বিজয় কুমার ঘোষ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান প্রমুখ।
শিবালয়ে জেএসসির ভেন্যু নিয়ে ক্ষোভ
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ শিবালয় উপজেলায় এ বছর জেএসসি পরীক্ষায় ২ হাজার ৭৮৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্থানীয় বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় ও সদরউদ্দিন ডিগ্রি কলেজে এবং বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অধীনে মহাদেবপুর ইউনিয়ন বিশ্ববিদ্যালয় কলেজে কেন্দ্র স্থাপন করা হয়েছে। উল্লেখ্য, পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সিদ্ধান্তের তোয়াক্কা না করে শিবালয় কেন্দ্র সচিব মনগড়া সিদ্ধান্তে এ বছর প্রথম সদরউদ্দিন ডিগ্রি কলেজে ভেন্যু স্থাপন ও কলেজের ১৭ জন শিক্ষক-কর্মচারীকে পরিদর্শক নিয়োগ করায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষক মহলে ক্ষোভ সৃষ্টি হচ্ছে।
লালপুরে কৃষক শ্রমিক জনতা লীগের কমিটি
লালপুর (নাটোর) সংবাদদাতা \ গত মঙ্গলবার নাটোরের লালপুর উপজেলা শাখা কৃষক শ্রমিক জনতালীগ ও তার অঙ্গ সংগঠনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। খন্দকার টিপু সুলতানকে আহবায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট কৃষক শ্রমিক জনতা লীগের কমিটি, মাহবুবুর রহমান হককে আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট যুব আন্দোলনের কমিটি এবং রুহুল আমিন রিপনকে আহবায়ক করে ৩৫ সদস্য বিশিষ্ট ছাত্র আন্দোলনের কমিটি গঠন করা হয়। এছাড়া একই সভায় আবু হেলাল সুজনকে আহবায়ক করে নাটোর জেলা ছাত্র আন্দোলনের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কৃষক শ্রমিক জনতা লীগের লালপুর উপজেলা শাখা কার্যালয়ে মেহেদী ইমামের সভাপতিত্বে কমিটি গঠন সভায় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর ছাত্র আন্দোলনের সভাপতি কাওসার জামান খান, সহ-সভাপতি আবু হেলাল সুজন প্রমুখ।
নবীনগরে ৩ শিবির কর্মী গ্রেফতার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়ার) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১৮ দলের হরতালের দ্বিতীয় দিনে গত মঙ্গলবার (৫/১১) পিকেটাররা নাশকতা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে পৌর এলাকার মাঝিকাড়া ব্রিজ থেকে ৩ জামায়াত শিবির কর্মীকে গ্রেফতার করে। এসময় পুলিশের লাঠিচার্জে ১০ জন আহত হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে— মোঃ জুয়েল (২৬), হাবিবুর রহমান (২২), মোঃ হেলাল মিয়া (২২)। হরতালে দূরপাল্লার যানবাহন বন্ধ ছিল, তবে অফিস-আদালত, ব্যাংক-বিমাসহ সকল কিছু খোলা ছিল।
কালিয়াকৈরে যুবলীগ নেতার গাড়িতে হামলা
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ হিরু মিয়ার প্রাইভেটকারে হামলা ও ভাংচুরের প্রতিবাদে উপজেলা যুবলীগের উদ্যোগে গত মঙ্গলবার কালিয়াকৈর বাজারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হিরু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, মোঃ আব্দুর রশিদ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ রেজাউল করিম রাসেল, মোঃ আকবর আলী, মোঃ তোফাজ্জল হোসেন রানা, মোঃ হারুন অর রশিদ, মোঃ সাইফুজ্জামান সেতু, মোঃ রেজাউল করিম, আসাদুজ্জামান আসাদ, মোঃ কামরুল হাসান, মোঃ বিশু মিয়া প্রমুখ।
ঈশ্বরদীতে আবাসিকে গ্যাস সংযোগের কাজ শুরু
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা \ ঈশ্বরদীর বিভিন্ন আবাসিকে গ্যাস সংযোগের কাজ শুরু হয়েছে। সরকারের প্রজ্ঞাপন জারির সাড়ে তিন বছর পর গত ১ নভেম্বর হতে পশ্চিমাঞ্চল গ্যাস সংযোগ কোম্পানী’র ঈশ্বরদী অফিস এই সংযোগের কাজ তদারকি করছে। পিজিসিএল ঈশ্বরদী অফিস জানায়, ২০১০ সালের জুলাই মাসে সরকারি নির্দেশনার কারণে সংযোগ বন্ধ রাখা হয়। ওই সময় দাখিলকৃত কয়েক’শ আবেদনের মধ্যে পর্যবেক্ষণ শেষে ১১০ জনের চাহিদাপত্রের টাকা জমাদানের পরও গ্যাস সংযোগ প্রদান না করার কারণে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছিল। জানা যায়, পুরাতন ১১০ জন ছাড়াও চলতি কার্যাদেশের আওতায় এবারে আরও এক হাজার আবাসিক গ্রাহককে গ্যাস সংযোগ দেয়ার পরিকল্পনা রয়েছে।
কটিয়াদীতে কবি নূরে মালেক স্মৃতি গ্রন্থাগার উদ্বোধন
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত কবি নূরে মালেকের পবিত্র স্মৃতিকে ধারণ করে কবি নূরে মালেক স্মৃতি গ্রন্থাগার স্থাপন করা হয়। গত মঙ্গলবার এর উদ্বোধন করেন উত্তর আধুনিক কবি, কবি জাকির জাফরান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি মেরাজ রাহীম, শ্রমিক নেতা প্রয়াত কবির ভাই আ:রহমান রুমী, অধ্যাপক দীপা বর্মন, কথা-সাহিত্যিক সাংবাদিক রুহুল আমিন রাজু, কথা-সাহিত্যিক ও ডাক দিয়ে যাই ত্রৈমাসিক সাহিত্যপত্রের সম্পাদক ফয়সাল আহাম্মদ প্রমুখ। সভাপতিত্ব করেন বদরুল আমিন নাঈম।
অভয়নগরে জাতীয় যুব দিবসে ঋণের চেক বিতরণ
অভয়নগর (যশোর) সংবাদদাতা \ যশোরের অভয়নগরে জাতীয় যুব দিবসে যুবকদের মধ্যে ১ লাখ ৭৫ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সিফাত মেহনাজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ: মালেক মোল্যা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, সিনিয়র মত্স্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
আড়াইহাজারে সাংবাদিকের মামলা নেয়নি পুলিশ
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজারে সাংবাদিক হাকিমের বাড়িতে হামলার ঘটনায় মামলা নেয়নি পুলিশ। উল্লেখ্য, ৩ নভেম্বর সাংবাদিক এম.এ হাকিম ভূঁইয়ার শিবপুরের বাড়ি দখলের উদ্দেশ্যে দীঘিরপাড়া গ্রামের মৃত. শুকুর আলীর ছেলে বারেক তার বাহিনী নিয়ে তাকে হত্যার উদ্দেশে হামলা চালায়। এ সময় তিনি বাড়িতে না থাকায় তার মা হাসনারা বেগমের উপর হামলা চালিয়ে তাকে মারাত্মক আহত করে । জানা গেছে, এ ঘটনায় আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দিলেও কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেননি পুলিশ।
গাজীপুরে শ্রমিকলীগের মিছিল ও সমাবেশ
গাজীপুর প্রতিনিধি \ গাজীপুরে হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চান্দনা-চৌরাস্তায় জাতীয় শ্রমিকলীগ গাজীপুর জেলা শাখার উদ্যোগে একটি মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে চান্দনা-চৌরাস্তা মোড়ে কবির আহমেদ মণ্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী, আব্দুর রশিদ, আব্দুল কাদের, মোকছেদ আলম, আবুল কাসেম, ইব্রাহিম খলিল, আফজাল হোসেন সরকার রিপন, হীরা সরকার, ইদ্রিস আলী প্রমুখ।
রূপগঞ্জে শশ্মানের মূর্তি ভাংচুর
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা\ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাঁও শশ্মানের মূর্তি গত মঙ্গলবার রাতে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা শশ্মানের বটগাছ কেটে ফেলে। এ ব্যাপারে শশ্মান কমিটির সভাপতি আদিনাথ চন্দ্র দাস বাদি হয়ে অজ্ঞাত ১০-১২জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেছে।
রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর জানান, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দুর্বৃত্তদের শিগগিরই গ্রেফতার করা হবে।
বরগুনায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মুর্তাজা আহসান
বামনা (বরগুনা) সংবাদদাতা \ বরগুনা জেলার বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান (মামুন)-কে প্রাথমিক শিক্ষার উন্নয়ন, প্রসার ও শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বরগুনা জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। জানা যায়, বরগুনা জেলা প্রশাসকের সভাপতিত্বে এক সভায় মুর্তাজা আহসানকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
হোমনায় দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ গতকাল বুুধবার হোমনা উপজেলার ছয় শতাধিক দুস্থ পুরুষ-মহিলার মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আঃ মজিদের স্ত্রী সাজেদা মজিদ ব্যক্তিগত উদ্যোগে উপজেলার দৌলতপুর, মিঠাইভাঙ্গা ও আড়ালিয়াকান্দি গ্রামে এসব বস্ত্র বিতরণ করেন। এসময় তার সাথে ছিলেন মহিলা লীগ নেত্রী মমতাজ বেগম, সাহিদা আক্তার, শাহিনুর আক্তার ও ডলি আক্তার প্রমুখ।
বিজয়নগরে শতাধিক বিএনপি কর্মীর নামে মামলা
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে মামলা দায়ের করেছে পুলিশ। উপজেলার চম্পকনগর থেকে ছাত্রদল কর্মী শরিফ (২৮) ও সাতগাঁও থেকে ছাবদুল(৩০) কে আটক করে পুলিশ। এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী জানান হরতালে পিকেটিং, পুলিশের কাজে বাধা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দরুন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে মামলা দায়ের করা হয়েছে।
কমলগঞ্জে যুবদলের নতুন কমিটির অনুমোদন
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা \ কমলগঞ্জ উপজেলা জাতীয়তা-বাদী যুবদলের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটিকে কেন্দ্রীয় কমিটি অনুমোদন দিয়েছে। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরবের ২৫ সেপ্টেম্বরের স্বাক্ষরিত কমিটিতে আনসার শুকরানা মান্নাকে আহ্বায়ক করে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। নতুন কমিটির আহ্বায়ক আনসার শুকরানা জানান, উপজেলার একটি, পৌরসভা ও ৯টি ইউনিয়ন থেকে একজন করে সদস্য নিয়ে উপজেলা যুবদল আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
চরভদ্রাসনে ইউএনও’র মতবিনিময় সভা
চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা \ চরভদ্রাসন উপজেলার বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করলেন উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব হাসান শাহীন। গত মঙ্গলবার সমিতির সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন চরভদ্রাসন ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, থানা বি.এনপি’র সেক্রেটারী মোতাজ্জেল মৃধা, ব্যবসায়ীদের মধ্যে আনোয়ার আলী মোল্যা, মোঃ জয়নাল আবেদীন কামাল, মোঃ শহীদ মোল্যা, ওয়াছেল মাস্টার ও আব্দুর সবুর কাজল প্রমুখ।
টুঙ্গিপাড়ায় অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অগ্নিকাণ্ডে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল বুধবার ভোররাতে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানার ওসি হাবিবুল্লাহ সরকার জানান, ভোর রাত ৩ টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে ওই বাজারের সৈয়দ আল আমিনের মোবাইল, সৈয়দ নাসির উদ্দিনের ইলেকট্রনিক্স ও সাহাবুদ্দিনের ক্রোকারিজের দোকান পুড়ে যায়। একঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
