পোশাক শিল্পের শ্রমিকদের বেঁচে থাকার মত মজুরি নিশ্চিত করার দাবি জানিয়েছে কর্মজীবী নারী’র নেতৃবৃন্দ। কর্মজীবী নারীর পক্ষ থেকে বলা হয়েছে, ‘মালিকপক্ষ বিভিন্ন ধাপে যে সব মজুরি প্রস্তাব করেছে তা শ্রমিকদের সম্মানের সাথে বেঁচে থাকার জন্য যথেষ্ট নয়। বর্তমান বাজার দরের সাথে সঙ্গতি রেখে একজন শ্রমিকের পক্ষে সচ্ছলভাবে সংসার চালানো কতটা কষ্টসাধ্য তা আমরা সকলেই জানি। তাই এ শিল্পকে বাঁচাতে হলে শ্রমিক বাঁচাতে হবে এবং মজুরি বাড়াতে বায়ারদেরও দায়িত্ব নিতে হবে। বুধবার কর্মজীবী নারী’র সেগুনবাগিচাস্থ নিজস্ব কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন, কর্মজীবী নারী’র সমন্বয়ক নাসরীন আরা বেগম। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নির্বাহী পরিচালক রোকেয়া রফিক, নির্বাহী কমিটির সদস্য উম্মে হাসান ঝলমল।
