প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি কোন হস্তক্ষেপ করেনি। দূরবর্তী এলাকার জনগণের সুবিধার্থে উপজেলা পর্যায়ে বিচার ব্যবস্থা নেয়া হয়েছে। বুধবার বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে টেবিলে উত্থাপন করা প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা এসব কথা বলেন।
বেগম আশরাফুননেছা মোশারফের প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার আন্তরিকভাবে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। এটি হচ্ছে মহাজোট সরকারের রাজনৈতিক অঙ্গীকার। সরকার স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি কোন হস্তক্ষেপ করেনি। বরং সুপ্রিম কোর্টের চাহিদা মোতাবেক আর্থিক স্বাধীনতা প্রদান করেছে। দু’টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ স্বাধীনভাবে বিচার কাজ পরিচালনা করছে।
মোহাম্মদ ফজলুল আজিমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের সাধারণ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার প্রথম থেকেই কাজ করছে। ইতিমধ্যে বিভিন্ন বিভাগ ও জেলা শহরে বিশেষায়িত হাসপাতাল, জেলা হাসপাতাল, সদর হাসপাতালকে ৫০ থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।
