নিশান ও নিশানা

আপডেট : ০৭ নভেম্বর ২০১৩, ১৮:২৪
বাজারে ছাড়তে হবে প্রচুর নতুন ডলার, খুব দ্রুত। তুলা কিনতে তাই স্বয়ং মুদ্রামন্ত্রী গিয়ে বসে আছে তুলাচাষির বাড়িতে। চাষি বেঁকে বসেছে। বলছে, ‘আমারই মাটিতে ফলানো তুলতুলে শুচিশুভ্র তুলা দিয়ে, সাথে কিছু লিনেন আর রঙিন কালি মিশিয়ে বানাবেন একচেটিয়া চকচকে ধারালো ডলার। আর সেই ডলার দিয়ে দেশে দেশে নানাভাবে কাটতে থাকবেন নিরীহ দায়বদ্ধ মানুষের রুদ্ধবাক গলা।’ চাষি ও মন্ত্রী দুজনেই চুপচাপ কিছুটা সময়। তারপর আস্তে আস্তে বলতে থাকল চাষি, অনেকটা স্বগতস্বরে, ‘ওই যে খোলা মাঠে দড়িতে শুকাতে দেওয়া রকমারি রঙিন জামা, ফুটফুটে শিশুদের। প্রশান্তির মতো তারা উড়ছে, উড়ছে নিশান ও নিশানার প্রতীকে, নিরিবিলি শব্দ তুলে ফুরফুরে হাওয়ায়, ওগুলি তৈরি আমারই খামারের তুলা দিয়ে। নাহ্, মন্ত্রী, আমার তুলা আর যাবে না ওই গলাকাটা ধারালো ডলারে।’