শুভেচ্ছার খামে পুরে পাঠিয়েছি রোদের জোছনা—সাথে সমকাল
গ্রহণ করোনি বলে ফিরে এল ডাক; চোখের আড়াল
ভুলে অনাহুত অবয়বে ডুবে গেছি বিস্ময়-অতলে
প্রবাস বলয় থেকে ফিরে যাচ্ছি গৃহমুখে—প্রপেলারে ঝুলে
ভূমিকা পাল্টে ফেলে যখন সটান দাঁড়িয়েছি সময়ের দিকে
আশ্চর্য গোধূলি! ভীষণ রঙিন থেকে হয়ে গেল ফিকে
ভ্রমণবিলাসী মন স্মৃতির শরীরে আজ মমতা বিলায়
তুমি শুধু বুঝলে না, কী কথা জমিয়ে রেখে
প্রবুদ্ধ বন্ধুরা—কথা বলে চুপি চুপি মাঘী জ্যোত্স্নায়।
শুভেচ্ছার এই পর্বে জমা হলো যন্ত্রণার যাবতীয় খেলা
পরিব্রাজক মন ফানা হবে—তবু প্রেম এমনই একেলা
