ছুটে আসছে ফণাতোলা ঢেউ—এত নাচমুদ্রা ধরে আছো পৃথুল শরীরে... সমুদ্র, সাঁতার জানি বলে তোমার মাহাত্ম্য এতটা বিশদ—
এই তো দিয়েছি ঝাঁপ। কে জানে তোমার কতটা গভীরে আমার গন্তব্য স্থির হয়ে আছে—মারিয়ানা ট্রেঞ্চ, না কি সোয়াচ অব নো গ্রাউন্ড? বলো, বিষতির বিদ্ধ করে কত দূর গেলে শোনা যাবে শিস—শাঁখের নিনাদ?
প্রবালমহল আর ঝিনুক-অরণ্য ঘুরে আজ কোনো মুক্তা কুড়াব না। বরং ল্যাবরাডার, পেরুভিয়ান স্রোত কেটে কেটে একদিন অন্তরীপবাসী হব। কেননা প্রশান্ত, পীত, বঙ্গোপসাগর আর শৈবালসমুদ্র ঘুরে আমি আজ জলমুগ্ধ জীব।
