একদিনেই কল অব ডিউটির ১০০ কোটি

আপডেট : ০৭ নভেম্বর ২০১৩, ১৯:১৯
অ্যাকটিভিশন ব্লিজার্ডের কল অব ডিউটি সিরিজকে রেকর্ডপ্রসবীই বলা যায়। এর প্রতিটি পর্বই আগের পর্বের রেকর্ড ভেঙে দিয়েছে। এই সিরিজের সর্বশেষ গেমটিও সেই ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখল। গেম বিশেষজ্ঞরা বলছিলেন ‘কল অব ডিউটি :ঘোস্ট’ নামের নতুন পর্বটিকে একটু অসময়েই মুক্তি দেওয়া হচ্ছে। আসছে দুই সপ্তাহের মধ্যে বাজারে আসবে সনি এবং মাইক্রোসফটের গেম কনসোলের নতুন দুই সংস্করণ। ফলে এই দুই কনসোলের জন্য অপেক্ষা করছেন যারা, তারা গেমটি কিনতে আগ্রহ প্রকাশ করবে না। সমালোচকদের এই ধারণা মিথ্যা প্রমাণ করেই মুক্তির প্রথম দিনে ১০০ কোটি ডলার আয় করে নিয়েছে ‘কল অব ডিউটি :ঘোস্ট’। ফলে কিছুদিন আগে ‘গ্র্যান্ড থেফট অটো’র প্রথম দিনে ৮০ কোটি ডলার আয়ের রেকর্ড ভেঙে গেল। এই সিরিজেরই আগের পর্বটির রেকর্ডও ভাঙল বটে। অবশ্য গ্র্যান্ড থেফট অটোর হিসাবটা ছিল খুচরা ক্রেতাদের কাছে বিক্রির হিসাব, আর কল অব ডিউটির ১০০ কোটি এসেছে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রির হিসাব থেকে।