টিসিবি’র ন্যায্যমূল্যের দোকানসহ তিন স্থানে দুদকের অভিযান

আপডেট : ২০ মে ২০১৯, ১৯:৩৮

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের দোকানসহ তিন স্থানে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতিবিরোধী অভিযান চালিয়েছে। 

সোমবার দুদকের পৃথক টিম একযোগে রাজধানীর বনশ্রীতে টিসিবি’র ন্যায্যমূল্যের দোকান, টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ ভাবে গড়ে ওঠা ইটভাটাগুলোতে এবং বরগুনার তালতলী সরকারি কলেজে এসব অভিযান চালায়। 

দুদক সূত্র জানায়, সম্প্রতি দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) অভিযোগ আসে যে  রাজধানীর বিভিন্ন স্থানে টিসিবি’র ট্রাকের মাধ্যমে কম মূল্যে পণ্য বিক্রিতে অনিয়ম হচ্ছে এবং ক্রেতারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা মোতাবেক কাঙ্খিত পণ্য কিনতে পারছেন না। এ প্রেক্ষিতে প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সিফাত উদ্দিনের নেতৃত্বে গঠিত পুলিশসহ পাঁচ সদস্যের এনফোর্সমেন্ট টিম সোমবার রাজধানীর বনশ্রীতে অভিযান চালায়। অভিযানে গিয়ে দুদক টিম ট্রাকের বিক্রয় কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণে দেখতে পায় যে ট্রাকটিতে কোন ব্যানার এবং মূল্য তালিকা নেই। ফলে নির্ধারিত মূল্য না জানায় ক্রেতাদের অধিক মূল্যে পণ্য ক্রয় করতে হচ্ছে। 

দুদক টিম আরও জানতে পারে, গত ১৬ মে তারিখেই উক্ত এলাকায় সকল পণ্য বিক্রয় সম্পন্ন করার কথা ছিল। অথচ পণ্য মজুদ করে রমজান উপলক্ষে মূল্য বৃদ্ধি করার মাধ্যমে ক্রেতাদের ঠকানো হচ্ছে। এছাড়া দিনব্যাপী বিক্রয় করার কথা থাকলেও উক্ত ডিলার কর্তৃক দুপুর দেড়টা থেকে দুইটার পরে পণ্য বিক্রয় করা হয়না, ফলে গ্রাহকরা তাদের চাহিদামতো পণ্য পান না। এ সকল অনিয়মের বিষয়ে দুদক টিম উক্ত এলাকার ডিলার আবুল খায়েরকে সতর্ক করে এবং ভোক্তাদের চাহিদা মোতাবেক পণ্য সরবরাহ না করা হলে তার ডিলারশীপ বাতিল করার জন্য উদ্যোগ নেয়া হবে মর্মে তাদেরকে অবহিত করা হয় । এছাড়া অভিযোগ পেলে কমিশন পুনরায় ঐ এলাকার টিসিবি’র ডিলারদের পণ্য বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণপূর্বক আইনি ব্যবস্থা নিবে।

আরো পড়ুন: বিচারাধীন মামলার বিষয়ে বিজ্ঞপ্তির ব্যাখ্যা দেবেন সুপ্রিমকোর্ট: আইনমন্ত্রী

এদিকে, টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ ভাবে গড়ে ওঠা ইটভাটাসমূহের বিরুদ্ধে ২য় দফা অভিযান চালিয়েছে দুদক। দুদকের টাঙ্গাইলের সমন্বিত জেলা কার্যালয়ের এবং মির্জাপুর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর সমন্বিত একটি টিম গতকাল এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে লাইসেন্সবিহীন ইটভাটা এএনবি-২ -এর মালিক আব্দুর রহিমকে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের  ভ্রাম্যমান আদালত ১ লাখ টাকা জরিমানা করেছে।

অপরদিকে, বরগুনার তালতলী সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার সময় ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা নেওয়া হচ্ছে এমন অভিযোগ আসলে দুদক এনফোর্সমেন্ট ইউনিট পদক্ষেপ গ্রহণ করে। দুদকের নির্দেশনা অনুসারে উক্ত কলেজের অধ্যক্ষ তাৎক্ষণিকভাবে এ সমস্যার সমাধান করেন এবং পরবর্তীতে কোন শিক্ষার্থীর কাছ থেকে অধিক অর্থ গ্রহণ করা হবে না মর্মে নিশ্চয়তা প্রদান করেন।

ইত্তেফাক/এমআই