একটি বাড়ি একটি খামার প্রকল্পে সুবিধাভোগীদের সঞ্চয় সেবা এবং ঋণ বিতরণের জন্য একটি বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থমন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এক বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিলাম পল্লীসঞ্চয় ব্যাংক আমরা স্থাপন করব। এই ব্যাংক প্রতিষ্ঠার লক্ষ্যে একটি নীতিমালা তৈরি করে যাচাই-বাছাইয়ের জন্য আগামী সপ্তাহে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর প্রস্তাবটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় তোলা হবে। সেখানে অনুমোদন পেলে জাতীয় সংসদে উত্থাপন করা হবে। অর্থমন্ত্রী আরো জানান, আগামী ১৮ নভেম্বর সংসদের চলতি অধিবেশন বসবে। ওই সময়ই নীতিমালার প্রস্তাব সংসদে তোলা হতে পারে।
উল্লেখ্য, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের আওতায় একটি বাড়ি একটি খামার প্রকল্পে বর্তমানে ১০ লাখ ৩৮ হাজার সুবিধাভোগী পরিবার রয়েছে। তাদের জন্য এক হাজার ৩৩২ কোটি টাকার তহবিল গঠন করা হয়। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও যাতে ওই তহবিল থেকে পরিবারগুলো অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে সেজন্যই এ ব্যাংক গঠন করা হচ্ছে। এসব পরিবার পল্লী সঞ্চয় ব্যাংকে তাদের সঞ্চয় জমা রাখতে পারবেন, ঋণও নিতে পারবে। তবে নতুন ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে আগ্রহী না হলেও কেন্দ্রীয় ব্যাংক বলেছে বিশেষায়িত ব্যাংক হিসাবে পল্লী সঞ্চয় ব্যাংক অনুমোদন পেতে পারে।
