চট্টলার শিল্পীদের নিয়ে শহীদের নতুন পরিকল্পনা

আপডেট : ০৭ নভেম্বর ২০১৩, ২০:৩৩
সব সময় নিজের পথেই হেঁটেছেন শহীদ। নিজের ব্যান্ডদলকে অনেকটা সাংগঠনিকভাবেই তৈরি করেছেন। তবে পরিচিতি বা নিজের জনপ্রিয়তাও পেয়েছেন সর্বশেষ অনুরূপ আইচের লেখা ‘এক জীবন’ গানের ভেতরে। শহীদের কাছে যেন এখন কিছুটা সবার জন্যই করার ভাবনা ঘুরপাক খাচ্ছে। আর সেই লক্ষ্যেই চট্টগ্রামের ব্যান্ড মিউজিক নিয়ে একটু বড়সড় করেই ভাবছেন তিনি। বেশ কয়েক বছর ধরে একটু একটু করে তৈরি করেছেন ৭১টি ব্যান্ড নিয়ে ভিন্ন ধারার ব্যান্ড অ্যালবাম। শহীদের কথায়, ‘এই অ্যালবামটি করতে গিয়ে অনেক বড় বড় ব্যান্ডদলগুলোর যেমন পরম মমতা ভরা সাপোর্ট পেয়েছি, তেমনি আবার আনকোরা কিছু ব্যান্ড দলের দাম্ভিকতাও দেখতে হয়েছে। আমি শুধু চুপচাপ থেকে সয়ে গেছি। কারণ অহংকার কখনই ভালো ফলাফল দেয় না । তা আমার নিজের ব্যান্ডদলের ভেতরেও অনেক সময়ই দেখেছি।’ এদিকে শহীদের সর্বশেষ অ্যালবামটি বেরিয়েছিল সিডি চয়েজের ব্যানারে। কিন্তু নিজের অ্যালবামের প্রতি তেমন একটা যত্ন নেয়নি প্রোডাকশন হাউজ। সে কারণে দূরত্বে রয়েছেন শহীদ। শহীদ বলেন, ‘আমি সব সময় খুব সাদামাটা থেকে দেখেছি প্রোডাকশন হাউজগুলো আমার এই ভদ্রতার সুযোগে আমাকেই ঘায়েল করে। খুবই কষ্ট পাই।’ তবে শহীদের এখনকার ধ্যানজ্ঞান তার নিজের সলো অ্যালবাম আর চট্টগ্রামের তরুণদের জন্য আলাদা একটি প্লাটফর্ম তৈরি করা। চট্টগ্রাম ব্যান্ড অ্যাসোসিয়েশনকেও চাঙা করার তাগিদে মাঠে নেমেছেন তিনি। শহীদ বলেন, ‘আমি যদি আমার নিজের আশপাশের শিল্পীদের কথাই না ভাবি, তবে কারা ভাববে। আমরা বিভিন্ন ইন্টারভিউতে খুব বড় বড় কথা বলি—শেষ বয়সে এইটা করব, বড় এক সংগীত নিকেতন দেব... ইত্যাদি। কিন্তু আসলে কিছুই হয় না। আমি আমার নিজের চেষ্টা ও সামর্থে চট্টলার শিল্পীদের সাথে নিয়ে এগোতে চাই।’