বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী, কদমতলা ও কৈখালি স্টেশনের অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে সুন্দরবনে মূল্যবান বৃক্ষসহ প্রাণী নিধন চলছে। কাঠ পাচারকারীরা অবাধে সুন্দরী, ধুন্দুল, কাওড়া, বাইন, গরান, গেওয়াসহ মূল্যবান কাঠ পাচার করে সুন্দরবন উজাড় করছে। এক শ্রেণীর দালাল বন কর্মকর্তাদের কাঠ পাচারে সহযোগিতা করছে। এছাড়া নিধন চলছে হরিণসহ বন্যপ্রাণী। কাঠ কাটার ব্যাপারে বন মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকলেও দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীরা বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রতি রাতে কদমতলা, কৈখালি ও বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন দিয়ে হাজার হাজার মন কাঠ পাচার করছে। কদমতলা স্টেশনের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় কাঠ পাচার ও চোরা শিকারীরা বেপরোয়া হয়ে উঠেছে।
