দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
রাজবাড়ী
রাজবাড়ী জেলা সদরের চরবাগমারা এলাকায় গত বুধবার সন্ধ্যায় মোটর সাইকেল ও ট্রাকের সংঘর্ষে আব্দুল বারেক মোল্লার ছেলে বাহারুল হাসান (২৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কাটাখালী গ্রামে। তিনি জেলার কালুখালী থানার কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
ত্রিশাল (ময়মনসিংহ)
ময়মনসিংহের ত্রিশালে লরি চাপায় গত বুধবার দুপুরে আশিকুর রহমান আপেল খান (৩০) নামে এক মোটর সাইকেল আরোহী মারা গেছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাগান রাঘামারা বাজার এলাকায় লরি ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। তাকে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।
গোদাগাড়ী (রাজশাহী)
রাজশাহীর গোদাগাড়ীতে গত বুধবার সন্ধ্যায় শ্যালোচালিত টেম্পু উল্টে খাইসা গ্রামের আমজাদের ছেলে বাদল (৩২) নামে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। আহতদের গোদাগাড়ী এবং রাজশাহী মেডিক্যার কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে গোদাগাড়ী থানায় একটি মামলা হয়েছে।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একাডেমি মোড়ে গতকাল বৃহস্পতিবার সকালে ট্রাক্টর ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে শ্যামপুর-সরতনগর গ্রামের নুরতাজ আলীর স্ত্রী পিয়ারা বেগম নামে এক মহিলা নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি হয়।
